জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮-দলীয় জোট আয়োজিত জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি দিয়েছিলেন।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মহানগর হাকিম মো. হারুন-অর-রশীদ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ নভেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮-দলীয় জোট আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান ভাষণ দেন। ভাষণের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এ সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবনাবসান পর্যন্ত হতে পারে।’ মজিবুর রহমানের এমন বক্তব্য প্রধানমন্ত্রীর জীবনাশঙ্কার সৃষ্টি করেছে এবং এতে তাঁর মানহানিও ঘটেছে বলে মামলায় উল্লেখ করে বলা হয়, এটা বাংলাদেশ দণ্ডবিধির ৫০০/৫০৬ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






