যুদ্ধাপরাধের রায় ঘনিয়ে আসায় চোরাগোপ্তা হামলা
যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘনিয়ে আসায় জামায়াত চোরাগোপ্তা হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা আশা করছি, এ মাসের শেষের দিকে রায় আসা শুরু হবে। এই বিষয়টা ওরা জানতে পেরেছে বলেই (জামায়াতে ইসলামী) মরিয়া হয়ে উঠেছে। চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’
বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শুরু হওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আশরাফ। এ সময় তিনি রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
আজ সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে মাসব্যাপী ওই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এটাই হওয়া উচিত।’
চলতি মাসের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা শুরু হতে পারে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘রায় কি হবে জানি না; এটা আদালতের বিষয়। তবে আশা করি, জাতি যা চায় এই রায়ে তা প্রতিফলিত হবে।’







sohan
২০১২.১২.০৩ ২৩:১৮Mustafiz Rahman
২০১২.১২.০৩ ২৩:৩৭FIROJ- Al- AMIN
২০১২.১২.০৪ ০০:৪৮আর যুদ্ধাপরাধীদের বিচার আমি কেন ..... জামাত বাদে সবায় চায়। BNP ও চায় মনে মনে