রিহ্যাবে যেতে চান না লিন্ডসে
মাদক সেবন আর উচ্ছৃঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পড়ায় কম ঝক্কি পোহাতে হয়নি হলিউডের প্রবলেম সেলিব্রেটির তকমা পাওয়া লিন্ডসে লোহানকে। এখন পর্যন্ত পাঁচ-পাঁচবার রিহ্যাব বা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিত্সা নিতে হয়েছে তাঁকে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ইদানীং মাত্রাতিরিক্ত মদ্যপান করছেন এ ‘মিন গার্লস’ তারকা। কিন্তু লিন্ডসের মতে, মদে তাঁর কোনো আসক্তি নেই। এজন্য ষষ্ঠবারের মতো রিহ্যাবে যাওয়ারও কোনো প্রয়োজনীয়তা নেই বলে কাছের বন্ধুদের জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিএমজি জানিয়েছে, গত জুনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ার সময় নিজে গাড়ি চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ি চালানোর বিষয়টি বেমালুম অস্বীকার করে বসেন লিন্ডসে। পুলিশকে মিথ্যে তথ্য দেয়ায় এরমধ্যেই লিন্ডসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শাস্তি হিসেবে কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
এমন পরিস্থিতিতে গত ২৯ নভেম্বর নৈশ-ক্লাবে এক নারীর গায়ে হাত তোলায় গ্রেপ্তার হন লিন্ডসে। এর পরপরই খবর বোরোয়, তিনি প্রতিদিন দুই বোতল করে ভদকা পান করছেন। এতসব ঝামেলা পাকানোর পর তাঁর কাছের বন্ধুরা ধারণা করছেন, সামনে বড় ধরনের সাজা অপেক্ষা করছে লিন্ডসের জন্য। কঠিন সাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁকে রিহ্যাবে চিকিত্সা নেওয়ার পরামর্শ দেন তাঁর বন্ধুরা। কিন্তু লিন্ডসে পাল্টা যুক্তি দিয়ে বলেন, সম্প্রতি তিনটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। এতেই নাকি প্রমাণিত হয়, মদে তাঁর কোনো ধরনের আসক্তি নেই।
এদিকে তাঁকে ষড়যন্ত্র করে মারামারির ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন লিন্ডসে। তাঁর দাবি, পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে তাঁকে।







Faria Naznin
২০১২.১২.০৩ ২২:৫৯মেহজাবিন চৌধুরী
২০১২.১২.০৪ ০০:২৯