চাঁদে যাচ্ছেন স্যার রিচার্ড ব্র্যানসন!
ভার্জিন গ্যালাকটিকের স্বত্বাধিকারী স্যার রিচার্ড ব্র্যানসন
যুক্তরাজ্যের ধনকুবের ও বেসরকারি মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের স্বত্বাধিকারী স্যার রিচার্ড ব্র্যানসন তাঁর জীবনের রোমাঞ্চকর এক অভিযানের পরিকল্পনা করেছেন। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, ২০২০ সালে চাঁদের মাটিতে নামার পরিকল্পনা করেছেন রিচার্ড ব্র্যানসন। এসময় তাঁর বয়স হবে ৭০ বছর।
বাণিজ্যিকভাবে চাঁদে যাওয়ার এ পরিকল্পনায় ৬২ বছর বয়সী রিচার্ড ব্র্যানসনের সঙ্গে আরও কয়েকজন ধনকুবেরও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। এদের মধ্যে অন্যতম হচ্ছেন কানাডার ধনকুবের গাই লালিবারতে। বর্তমানে এ প্রকল্পে বিনিয়োগ করছেন তাঁরা।
গোল্ডেন স্পাইক নামের একটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ধনকুবেরদের চাঁদে পাঠানোর গোপন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছিল। গোল্ডেন স্পাইকের প্রতিষ্ঠাতা হচ্ছেন নাসার সাবেক প্রধান অ্যালেন স্টার্ন। আগামী বৃহস্পতিবার চাঁদের মিশনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে গোল্ডেন স্পাইক। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সঙ্গে রকেট ও চন্দ্রযান তৈরির চুক্তি করেছে।
উল্লেখ্য, রোমাঞ্চপ্রিয় রিচার্ড ব্র্যানসন এর আগে বেলুনে করে বিশ্বভ্রমণ করেছেন। তাঁর প্রতিষ্ঠান ভার্জিন আগামী বছর থেকে মহাকাশ ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিতে কাজ শুরু করবে। ভার্জিনের প্রথম যাত্রায়ও তিনি থাকছেন।
সম্প্রতি অনলাইনে একটি চাঁদের ছবি পোস্ট করে রিচার্ড ব্র্যানসন মজা করে লিখেছেন, ‘ভাবছি গ্যালকটিক হোটেলটি নির্মাণ করব কোথায়? পৃথিবীতে নাকি চাঁদে?’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






