মুঠোফোন চার্জে বনসাই!
ফ্রান্সের নকশাবিদ ভিভিয়েন মুলার বনসাই গাছ নিয়ে ভিন্নধর্মী এক চিন্তা করেছেন। সম্প্রতি তিনি এমন একটি বনসাই গাছের নকশা করেছেন যা ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মুঠোফোন, ট্যাবলেটের মতো পণ্যে চার্জ দেওয়ার কাজটি করতেও সক্ষম। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, মুলারের নকশা করা এ বনসাই গাছে যুক্ত করা হয়েছে ক্ষুদ্রাকৃতির সৌর প্যানেল, যা সৌরশক্তি থেকে বিদ্যুত্ উত্পাদন করে মুঠোফোন চার্জ করতে পারে।
ভিভিয়েন মুলার তাঁর এ বনসাই গাছের নকশার নাম দিয়েছেন ‘দ্য ইলেকট্রি’।
দ্য ইলেকট্রি প্রসঙ্গে মুলার জানিয়েছেন, এ গাছে পাতা সদৃশ ২৭ টি ক্ষুদ্রাকৃতির সৌর প্যানেল যুক্ত রয়েছে। ব্যবহারকারী তাঁর পছন্দ অনুযায়ী এ প্যানেলগুলো সাজিয়ে বনসাইকে বিভিন্ন আকার দিতে পারবেন।
ডেইলি মেইলের এক খবরে বলা হয়, ভিভিয়েন মুলার প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেছেন ‘দ্য ইলেকট্রি’। এ বনসাই গাছের গোড়ায় রয়েছে বিদ্যুত্ সংরক্ষণ করার উপযোগী ব্যাটারি ও ইউএসবি সংযোগ। একটি বনসাই গাছ মাত্র চার ঘণ্টায় মুঠোফোনে চার্জ সম্পন্ন করতে পারে।
‘দ্য ইলেকট্রি’র দাম প্রায় ৩৭ হাজার টাকা। এ বনসাই গাছ শিগগিরই বাজারে আনার পরিকল্পনা করছেন ভিভিয়েন মুলার।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






