নতুন দুই ছবিতে শম্পা রেজা

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
শম্পা রেজা

শম্পা রেজা

নতুন দুই চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয়শিল্পী শম্পা রেজা। ছবি দুটি হচ্ছে- মিনহাজ কিবরিয়ার ‘শতরূপে শতবার’ ও রাজু আহমেদের ‘মাটি’। আগামী বছরের শুরুর দিকে ছবি দুটির কাজ শুরু হবে বলেই জানিয়েছেন শম্পা রেজা।
প্রথম আলো ডটকমকে শম্পা রেজা বলেন, ‘অনেক আগে থেকেই কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছি। তখন চলচ্চিত্রের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। ইদানীং চলচ্চিত্রের কিছু গল্প খুব ভালো লাগছে। পাশাপাশি অনুরোধের মাত্রাটাও বেশি। সবকিছু মিলে কাজগুলো করতে হচ্ছে। তবে ভালোও লাগছে।’
শম্পা রেজা আরও বলেন, ‘আমি সর্বশেষ এশা ইউসুফের প্রযোজনায় অল্প অল্প প্রেমের গল্প নামের একটি ছবিতে অভিনয় করেছি। যত দূর শুনেছি ছবিটি শতভাগ বাণিজ্যিক এবং প্রেমের। এখানে আমাকে ছবিটির নায়ক নিলয়ের মা হিসেবে দেখানো হয়েছে। আমার বিশ্বাস ভালোমানের একটি ছবিই উপহার দেবেন এশা ইউসুফ।’
নাটকে অভিনয় ছাড়াও শম্পা রেজা তাঁর প্রতিষ্ঠিত রোদেলা চত্বর স্কুল নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলেও জানান। তিনি বলেন, ‘আমার স্কুল রোদেলা চত্বর নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। অবসর নেই বললেই চলে। খুব ভালোমানের কিছু না হলে নাটক কিংবা চলচ্চিত্র কোনোটিতে অভিনয় করা হয় না।’
উল্লেখ্য, শম্পা রেজা অভিনীত প্রথম চলচ্চিত্রটির নাম ‘গেরিলা’। ছবিটি পরিচালনা করেছিলেন নাসিরউদ্দীন ইউসুফ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন