ইংলিশ ‘বিলাসিতা’ পানেসার?
মন্টি পানেসার
মন্টি পানেসারকে ইংল্যান্ড দলের জন্য ‘বিলাসিতা’ মনে করার মানুষের অভাব নেই। এই যুগে ব্যাটিং, ফিল্ডিংয়ে ভালো না হয়েও কেবল একজন বোলার হয়ে দলে টিকে থাকা খুবই মুশকিলের ব্যাপার। তাও আবার বাম হাতি ধীরগতির বোলার হয়ে! কিন্তু পানেসার নিজে মনে করেন, তাঁকে দলের রাখার এই ‘বিলাসিতা’ ইংল্যান্ড দেখাতেই পারে।
মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দুর্দান্ত জয়ের অন্যতম অস্ত্র ছিলেন এই পানেসার। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে এই বামহাতি স্পিনার একাই ধসিয়ে দিয়েছেন ভারতের কাগজে-কলমে শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। দলের আসা-যাওয়া করেও ৪৪টি টেস্ট খেলে ফেলা এই স্পিনার মনে করেন, তিনি ধীরে হলেও নিজের প্রতিভার পরিপূর্ণ সদ্ব্যবহার করা শুরু করেছেন।
পানেসার বলেন, আমি জানি অনেকে আমাকে দলের বোঝা মনে করে। কারণ, আমি শুধু বল করতে পারি; ব্যাটিং, ফিল্ডিং একদমই পারি না। তবে নিজের ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পানেসার।
উপমহাদেশের মাটিতে টেস্ট খেলা হলে পানেসার অবশ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। এবারের ভারত সফরেও উপমহাদেশীয় উইকেটের কথা মাথায় রেখে ‘ব্যাটিং, ফিল্ডিং’ না জানা পানেসারকে দলে রেখেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম দুটো টেস্টে পানেসার নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করে দিয়েছেন। ম্যাচ জয়ী ক্রিকেটার হিসেবে নিজেকে তুলে ধরেছেন।
মুম্বাইয়ের উইকেট থেকে সহায়তা পেয়েছেন। নিজের প্রতিভার পূর্ণ দ্যুতিও ছড়িয়ে দিয়েছেন তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটে। কিন্তু নিজের ধারাবাহিকতা রক্ষার সংকল্প চোখে-মুখে নিয়েই আপাতত কলকাতা যাত্রা করছেন মন্টি পানেসার। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় টেস্টটি পানেসারের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। নিজেকে সত্যিকারের ম্যাচ উইনার হিসেবে প্রতীয়মাণ করার এটাই যে মোক্ষাম সুযোগ তাঁর সামনে।
‘হ্যাঁ, কলকাতায় প্রমাণ করতে হবে যে আমি সত্যিই ম্যাচ উইনার। ব্যাপারটি আমি জানি।’ পানেসারের মন্তব্য।
তাঁর মতে, আমি উইকেটের বাউন্স ও গতি ব্যবহার করে বল করি। মুম্বাইয়ে উইকেটের প্রকৃতি আমায় এ ব্যাপারে সহায়তা করেছে। তবে ইডেনে আমি সেই সহায়তা নাও পেতে পারি।
মুম্বাই টেস্টে মাঠে নামার আগে যথেষ্ট চাপে ছিলেন মন্টি পানেসার। কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলার আনন্দের কাছে সেই চাপ পরাভূত বলেই জানিয়েছেন তিনি। মুম্বাই টেস্টে তাঁর পারফরম্যান্স তাঁর প্রতিভা সম্পর্কে তাঁকে সজাগ করেছে বলে জানিয়েছেন পানেসার। তিনি বলেন, মুম্বাই টেস্টের পারফরম্যান্স আমাকে নিজের প্রতিভা সম্পর্কে সজাগ করেছে, ভবিষ্যতে ভালো কিছু করার আত্মবিশ্বাসও যুগিয়েছে।








আসাদ জামান
২০১২.১২.০৩ ১৫:২৬