হাসপাতালে রোগী রেখে সবাই গেলেন মেলায়
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রেখে উদ্বোধন করা হলো নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির স্বাস্থ্যমেলা। চিকিৎসকেরা সকাল নয়টা থেকে হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত মেলায় অংশ নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের মেলায় দেখা যায়। এ কারণে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষজনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবশেষে ফিরে যেতে দেখা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সিভিল সার্জন আছাদউজ্জামান জানান, বড় কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়।
গতকাল রোববার সকাল নয়টায় ওই হাসপাতালের প্রাঙ্গণে নারী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা বহির্বিভাগে রোগী দেখা বাদ দিয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার লতিফপুর গ্রামের সেলিনা বেগম জানান, সাত মাসের শিশু সানজিদা জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত। সকাল নয়টার দিকে হাসপাতালে এসেছেন। দুপুর ১২টা পর্যন্ত বসে থেকেও চিকিৎসকের দেখা পাননি। তিনি বলেন, ‘বাচ্চা বেশ অসুস্থ। কী করব বুঝতে পারছি না।’
অসুস্থ শিশু নিয়ে কোটালীপাড়া উপজেলার নাদিরা বেগম, শহরের ব্যাংকপাড়ার হাবিবা খানম, চর মানিকদাহ গ্রামের বিনা বেগম, দাঁতের ব্যথা নিয়ে কোটালীপাড়া উপজেলার ঘাঘর গ্রামের ফুলজান বেগম, নাকের সমস্যা নিয়ে নিপা তালুকদার, জ্বর নিয়ে সদর উপজেলার মাঝিগাতির ফাতেমাসহ অপেক্ষমাণ অর্ধশত রোগী একই ধরনের অভিযোগ করেন। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত কুমার মল্লিক বলেন, ‘স্বাস্থ্যমেলার সময় আমি ছাড়া আরও পাঁচজন চিকিৎসক বিভিন্ন স্টলের দায়িত্বে ছিলেন। এ ছাড়া বেশ কিছু চিকিৎসক উদ্বোধনের সময় ছিলেন। হাসপাতালের বহির্বিভাগ খোলা ছিল। অনেক চেম্বারেই চিকিৎসকেরা রোগী দেখেছেন।’
আছাদউজ্জামান জানান, সব চিকিৎসক মেলায় ছিলেন। দুপুর ১২টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।
মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মরুিজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া।
আছাদউজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, বিএমএ সভাপতি শেখ আবিদ হাসান, বেসরকারি সংস্থা নারী পক্ষের সমন্বয়কারী সামছুন্নেছা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত মল্লিক প্রমুখ।







al momin
২০১২.১২.০৩ ২২:৪৩octors?