১০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে

ঢাকায় আজ শুরু হচ্ছে তিন দিনের ইন্ডিয়া শো

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘ইন্ডিয়া শো’ শিরোনামে ভারতের বিভিন্ন পণ্য ও সেবার একটি প্রদর্শনী আজ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে। তিন দিনের এই প্রদর্শনীর স্লোগান ঠিক করা হয়েছে, ‘এগিয়ে যাওয়ার জন্য অংশীদারিত্ব’।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় প্রদর্শনীর আয়োজন করছে দেশটির শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (ফিকি)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী ডি পুরনদেশ্বরী।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ও ফিকির সভাপতি আর ভি কানোরিয়া প্রমুখ উপস্থিত থাকবেন।
আয়োজকেরা জানান, প্রদর্শনীতে শতাধিক স্টল ও প্যাভিলিয়ন থাকবে। ভারতের ১০০টি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শনীতে উপস্থাপন করবে। এ ছাড়া প্রদর্শনীর উদ্বোধনী দিনে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরাসরি ঢাকা-দিল্লি বিমান পরিচালনা শুরু করবে।
জানা গেছে, প্রদর্শনী উপলক্ষে ভারতের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা সফর করবে। প্রতিনিধিদলে ভারতের শীর্ষ পর্যায়ের প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবেন।
প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন, এ দেশে যৌথ বিনিয়োগে ভারতের অনেক ব্যবসায়ীর আগ্রহ রয়েছে। সে কারণে প্রদর্শনী চলাকালে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
বস্ত্র, হস্তশিল্প, মোটরগাড়ি, খুচরা যন্ত্রাংশ, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল শিল্প, গয়না, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
প্রদর্শনীর ঔজ্জ্বল্য বাড়িয়ে দেবে ভারতীয় অলংকার প্রদর্শনী। এর আয়োজন করছে দেশটির অলংকার রপ্তানি উন্নয়ন কাউন্সিল (জিজেইপিসি)। আগ্রহী ক্রেতারা চাইলে প্রদর্শনী থেকে এসব অলংকার কিনতে পারবেন।
প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে একাধিক সেমিনারও। সেমিনারে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Poresh Chandra Roy

Poresh Chandra Roy

২০১২.১২.০৩ ০৮:২৫
আমরা দেখতে চাই পণ্য আমদানির ক্ষেত্রে কি রকম সুবিধা পাচ্ছি । তবে এই মেলা আমাদের দেশের উদ্দক্তাদের জন্য খুবই প্রত্যাশার, নতুন ধ্যান ধারণা পাওয়া যাবে এখান থেকে যেটা তরুণ উদ্দক্তাদের জন্য নতুন দার । আমি আশা করি আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো ।

shihan

shihan

২০১২.১২.০৩ ১৫:৩৯
কখনও শুনি নাই যে ইন্ডিয়াতে বাংলাদেশ শো চলে। তাহলে আমাদের দেশে কেন ইন্ডিয়া শো চলবে?