সালমানের পক্ষে পুরস্কার নিতে ক্যাটরিনার অস্বীকৃতি!
‘এক থা টাইগার’ ছবির পোস্টারে সালমান-ক্যাটরিনা
সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘এক থা টাইগার’ ছবির জন্য পুরস্কৃত সালমান খান অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে পুরস্কারটি নিতে অনুরোধ করা হয়েছিল সহশিল্পী ক্যাটরিনা কাইফকে। কিন্তু তিনি সালমানের পক্ষে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। সালমানের পারিশ্রমিকের একটি অংশ তাঁকে দেওয়া হলেই কেবল পুরস্কারটি গ্রহণ করবেন বলে মজা করে মন্তব্য করেন ক্যাটরিনা। তিনি মজা করে এমন মন্তব্য করলেও বিষয়টি সবাইকে বেশ অবাক করেছে।
সালমানের হাত ধরেই বলিউডে তারকাখ্যাতি পেয়েছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিয়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে ক্যাটরিনাকে প্রতিষ্ঠিত করার পেছনে সালমানের রয়েছে বিশাল ভূমিকা।
সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। খান সাহেব তাঁকে ‘বেগম’ও বানাতে চেয়েছিলেন। কিন্তু বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রণয়ে জড়িয়ে সালমানের জীবন থেকে বিদায় নেন আবেদনময়ী এ অভিনেত্রী। অবশ্য বিচ্ছেদের পর একে-অন্যের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখেন সালমান-ক্যাটরিনা। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
দিন কয়েক আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা বলেন, ‘আমার কাছে সালমান খান একজন বড় ভাইয়ের মতো।’ সাবেক প্রেমিক সম্পর্কে এমন মন্তব্য করে সবাইকে হকচকিয়ে দেন ২৮ বছর বয়সী এ তারকা।
ইদানীং সালমান সম্পর্কে ক্যাটরিনার একের পর এক বেফাঁস মন্তব্যের সূত্র ধরে অনেকে বলছেন, একটা সময় সালমানকে গুরু মানলেও এখন সম্ভবত তাঁর ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছেন ক্যাটরিনা। আবার কেউ কেউ বলছেন, সালমান শিবির ছেড়ে শাহরুখ শিবিরে যোগ দিতেই ক্যাটরিনার এই মন পরিবর্তন।







sumon_nm
২০১২.১১.২৪ ১৮:৪৬Sheikh Mokammal
২০১২.১১.২৪ ২৩:৫০