দেশের উন্নয়নের দায়িত্ব নিতে প্রস্তুত হও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউটদের প্রতি দেশের উন্নয়নের ভার কাঁধে নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্কাউট বন্ধুরা, তোমরা নিজেদের তৈরি করতে প্রস্তুত হও। বয়স্করা কীভাবে তাঁদের দায়িত্ব পালন করছেন, তা নিজেরা রপ্ত করো। আমি দেখতে চাই, তোমরা অতি শিগগির তাঁদের জায়গায় এসেছ।’
ওয়ার্ল্ড স্কাউট কমিটির চেয়ারম্যান সিমন হাং-বচ রি, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট মো. আবদুল করিম, বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান হাবিবুল আলম বীর প্রতীক অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এতে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক স্কাউটের চেয়ারম্যান জেজোমার সি বিনয়ের একটি বিবৃতি পড়ে শোনানো হয়।
শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে স্কাউটদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। দারিদ্র্য দূর করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বমানচিত্রে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এ লক্ষ্যে স্কাউটদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্কাউটরা প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ও দেশের জন্য দায়িত্ব পালনে তারা অগ্রবর্তী স্বেচ্ছাসেবী দল হিসেবে এগিয়ে আসে।’ তিনি বলেন, তিনি নিজেও যখন সুযোগ পান, তখন স্কাউটিংকে উত্সাহিত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এ লক্ষ্যে এ বছর আমার সরকারি বাসভবন গণভবনে কাবদের অ্যাওয়ার্ড বিতরণের ফাঁকে তাদের সঙ্গে মজার মজার খেলায় অংশ নিয়েছি।’
দেশে বর্তমানে ১১ লাখ ৬৪ হাজার স্কাউট সদস্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আগামী বছর এ সংখ্যা হবে ১৫ লাখ। বাসস।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






