মঞ্চে রোজির একক অভিনয়
মঞ্চে প্রায় দুই যুগ সময় ধরে কাজ করলেও কখনো একক অভিনয় করা হয়নি রোজী সিদ্দিকীর। এবারই প্রথম একক অভিনয় নিয়ে মঞ্চে আসছেন তিনি। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে রোজি সিদ্দিকীর একক অভিনয়ে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘পঞ্চনারী আখ্যান’। বর্তমানে জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে এই নাটকের মহড়া চলছে। ‘পঞ্চনারী আখ্যান’ ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনা।
একক অভিনয় প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, ‘২২ বছর ধরে মঞ্চে কাজ করছি। এবারই প্রথম একক অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা অভিনয়জীবনের পরম পাওয়া।’
সমাজের পাঁচ নারীর গল্পই বলা হয়েছে ‘পঞ্চনারী আখ্যান’ নাটকে। এ পাঁচ নারী চরিত্রেই অভিনয় করছেন রোজী। নাটকটি লিখেছেন হারুন অর রশীদ এবং নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম।
রোজী আরও বলেন, ‘একজন নারীর অর্জন যত বড়ই হোক, তারপরও সেই নারীর মনের মধ্যে অনেক কষ্ট জমা থেকে যায়। পুরুষ-শাসিত সমাজে তাঁর এ কষ্ট সে কখনো প্রকাশ করতে পারে না। যাঁরা পারছেন, তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি এমনি কিছু কষ্টের কথাই বলতে চেয়েছি এই নাটকে।’
‘পঞ্চনারী আখ্যান’ নাটকের মঞ্চ-পরিকল্পনায় আছেন আফজাল হোসেন। যৌথভাবে সংগীত-পরিকল্পনা করছেন শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী। পোশাক পরিকল্পনায় নাসরিন নাহার, আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ। আর প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন কামাল বায়েজীদ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






