মুঠোফোন, ট্যাবলেট চার্জে স্মার্ট ব্যাগ!
মুঠোফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য তারবিহীন প্রযুক্তিতে চার্জের উপযোগী স্মার্ট ব্যাগ উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁদের দাবি, ‘ফোর্স’ নামের এই ব্যাগ হবে বিশ্বের প্রথম স্মার্ট ব্যাগ, যা ইলেকট্রনিক পণ্যে চার্জ দেওয়ার কাজে ব্যবহূত হবে। এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট কিকস্টার্টারে ব্যাগটি তৈরির জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।
ফোর্স নামের এ স্মার্ট ব্যাগের বাইরের দিকটা হবে পানিরোধী। ব্যাগের ভেতরে বিভিন্ন ধরনের পণ্য রাখার জন্য আলাদা পকেট থাকবে। এই ব্যাগের আকার হবে পরিবর্তনযোগ্য। ব্যাগটি ব্লুটুথ-প্রযুক্তিতে স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে, ফলে ব্যাগে কতটুকু চার্জ সঞ্চিত রয়েছে সে তথ্য জানতে পারবেন ব্যবহারকারী। এই ব্যাগ হারানোর আশঙ্কাও কম। ব্যাগটি রেখে নির্দিষ্ট দূরত্বে গেলেই মুঠোফোনের নির্দিষ্ট সংকেতের মাধ্যমে তা টের পাওয়া যাবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






