বরখাস্ত হলেন মেনেজেস
মেনেজেস
সর্বশেষ আট ম্যাচে ছয় জয়। ২০১৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোই হচ্ছিল আয়োজক ব্রাজিলের। তবে সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের পরও টিকতে পারলেন না কোচ মানো মেনেজেস। গতকাল শুক্রবার মেনেজেসকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বিশ্বকাপকে ঘিরেই যত পরিকল্পনা ছিল মেনেজেসের। দীর্ঘ সময় ধরে দলে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তাঁর নির্দেশনায় দল খেলছেও ভালো। গত কয়েক সপ্তাহের মধ্যে এসেছে ইরাকের বিপক্ষে ৬-০, জাপানের বিপক্ষে ৪-০ ও সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়। এর পরও মেনেজেসকে বরখাস্ত করা হলো কেন? প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে।
ব্রাজিল দলের পরিচালক আন্দ্রেস সানচেস জানিয়েছেন, পারফরম্যান্স সংক্রান্ত কোনো কারণে মেনেজেসকে বরখাস্ত করা হয়নি। ‘নতুন শুরু’র কারণ দেখিয়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তটা নিয়েছেন সিবিএফের প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন।
‘আমি মনে করি না, খারাপ ফলাফলের কারণে এটা হয়েছে। এটা হলে এক বছর আগেই তাঁকে বরখাস্ত করা হতো। দল যেভাবে চলছে, প্রেসিডেন্ট এর পরিবর্তন চান বলেই এটা হয়েছে।’ সাও পাওলোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন সানচেস।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেশাগত সম্পর্কের বাইরে মেনেজেসের সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে সানচেসের—দুজনে ভালো বন্ধু। মেনেজেসকে ব্রাজিল দলের কোচ হিসেবে এনেছিলেন তিনিই।
সানচেস জানিয়েছেন, মেনেজেসের বহিষ্কারের সিদ্ধান্তটা ব্যক্তিগতভাবে মানতে পারছেন না তিনি। ‘আমি মনে করি না, এই মুহূর্তে পরিবর্তন আনার দরকার ছিল। আমাকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মন্তব্য সানচেসের।
সানচেস জানান, আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে নতুন কোচ নির্বাচন করা হবে। দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচ লুই ফিলিপ স্কলারি। এ ছাড়া রামালহো ও ব্রাগারও দায়িত্ব পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ শেষে কোচ কার্লোস দুঙ্গার জায়গায় মেনেজেসকে আনা হয়।
মেনেজেসের ওয়েবসাইটে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে মেনেজেসের তত্ত্বাবধানে এ পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ২৭টিতে জয়, সাতটিতে হার ও ছয়টিতে ড্র। সর্বশেষ গত বুধবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল।








Cool
২০১২.১১.২৪ ২১:৪৩