ভালোই জবাব দিচ্ছে ইংল্যান্ড
মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ানের ভালো বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতকে ৩২৭ রানের মধ্যে আটকে দিয়েছে ইংল্যান্ড। এরপর ব্যাট করতে নেমে জবাবটা বেশ ভালোমতোই দিচ্ছে সফরকারীরা। অধিনায়ক অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের ভালো ব্যাটিংয়ে দুই উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। কুক ৮৭ ও পিটারসন ৬২ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে ভারতের করা ৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও নিক কম্পটন। প্রথম ৩১ ওভারে তাঁরা যোগ করেছিলেন ৬৬ রান। এরপর টানা দুই ওভারে কম্পটন ও জনাথন ট্রটের উইকেট তুলে নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়েছিলেন প্রজ্ঞান ওঝা। কিন্তু দিনের বাকিটা সময় ভালো ব্যাটিং করে স্বাগতিক বোলারদের হতাশায় ডুবিয়েছেন কুক ও পিটারসন। তৃতীয় উইকেটে ১১০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন এই দুই ইংলিশ ব্যাটসম্যান।
এর আগে ৬ উইকেটে ২৬৬ রান নিয়ে আজ মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। দিনের নবম ওভারে ৬৮ রান করা রবীচন্দ্রন অশ্বিনকে সাজঘরে পাঠান মন্টি পানেসার। এরপর টানা তিন ওভারে হরভজন সিং, চেতেশ্বর পূজারা ও জহির খানের উইকেট তুলে নিয়ে ভারতকে ৩২৭ রানেই গুটিয়ে দেন গ্রায়েম সোয়ান। ১৩৫ রান করে সাজঘরে ফিরেছেন পূজারা। ইংল্যান্ডের পক্ষে পানেসার ৫টি ও সোয়ান ৪টি উইকেট শিকার করেছেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







