ভোট চলাকালে এক ভোটারকে মারধর
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোট নেওয়া শুরু হয় আজ শনিবার সকাল সাড়ে নয়টায়। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ভোট নেওয়া চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। দুপুরে হাজি আমিরউদ্দিন (ভোটার নম্বর ৯৪৩) নামের এক ভোটারকে মারধরের ঘটনা ঘটেছে।
দুটি প্যানেলের মধ্যে একটির নেতৃত্বে রয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি সভাপতি পদপ্রার্থী। অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। তবে তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না।
হাজি আমিরউদ্দিন বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে ভোটার। প্রথম আলো ডটকমকে দেওয়া তাঁর ভাষ্য, আনিসুল হক ও আরও কজনের সঙ্গে তিনি নির্বাচনী সীমানার বাইরে একটি স্থানে দাঁড়িয়ে গল্প করছিলেন। আনিসুল হক নির্বাচনে অংশ না নিয়েও সেখানে যাওয়ায় কয়েকজন এর প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।
একপর্যায়ে বেলা পৌনে একটার দিকে তাঁরা হাজি আমিরউদ্দিনকে মারধর করেন এবং পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। তিনি নাকে আঘাত পেয়েছেন। হাজি আমিরউদ্দিন বলেন, ‘কে মেরেছে আমি জানি না। তবে তাদের গায়ে এশিয়ান টেক্সটাইলের গেঞ্জি পরা ছিল।’
এ ব্যাপারে আনিসুল হক প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচন এলাকার যে সীমানায় যাওয়া যায় না, তিনি সেখানে যাননি। তিনি নির্ধারিত সীমার মধ্যেই ছিলেন। এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট হিসেবে ভোটকেন্দ্রে যেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, সে অধিকার তাঁর আছে।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, নির্বাচনে ৩০টি পরিচালক পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৬৩ জন প্রার্থী হয়েছেন। এবারের নির্বাচনে মোট দুই হাজার ১২ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে চেম্বার গ্রুপের ভোটার ৩৯০ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপে ভোটার এক হাজার ৬২২ জন। আজ সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






