জুটি হলেন ইসাবেলা কাইফ ও হর্ষ কাপুর
ইসাবেলা কাইফ ও হর্ষ কাপুর
অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে অভিনয়জগতে পা রাখতে যাচ্ছেন তাঁর বোন ইসাবেলা কাইফ। অবশেষে সেই গুঞ্জন সত্যে পরিণত হলো। তবে বলিউডের ছবি দিয়ে যাত্রা শুরু হচ্ছে না ইসাবেলার। মার্কিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কামিং হোম’-এ অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিষেক হচ্ছে। এ ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষ কাপুরকে। অনিল কাপুর প্রযোজিত ‘কামিং হোম’ই হবে হর্ষের প্রথম ছবি।
ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন স্টিভেন রয় থমাস। নিউইয়র্কের প্রেক্ষাপটে যৌথভাবে ছবির কাহিনি লিখেছেন এরিকা স্টেয়ার রেড্ডি ও মেলানি ইস্টন। ছবিতে বলিউডের কিছু উপাদানও থাকছে। মুম্বাইয়ে দৃশ্যধারণের উপযোগী করে এর চিত্রনাট্য আবার লেখার পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে, কয়েক মাসের মধ্যে ছবির শুটিং শুরু হবে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে মিড-ডে।
হর্ষ কাপুর বলেন, ‘কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘‘কামিং হোম’’ ছবির মাধ্যমে আমার ও ইসাবেলার বলিউডে অভিষেক হচ্ছে। কিন্তু এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং এর প্রেক্ষাপট নিউইয়র্ক। কাজেই এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে না আমাদের।’
হর্ষ আরও বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা প্রত্যেক অভিনয়শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলচ্চিত্রশিল্পকে জানার ক্ষেত্রে এখনো অনেক কিছু বাকি আছে আমার। ক্যামেরার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন এবং চলচ্চিত্রশিল্প সম্পর্কে জানার আগ্রহ থেকেই এ ছবিতে অভিনয় করছি। ‘‘কামিং হোম’’ ছবির কাহিনি চমত্কার। আশা করছি, ভালো কিছু উপহার দিতে পারব সবাইকে।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






