মালালার পর তালেবানদের হামলার হুমকিতে হিনা
পাকিস্তানের সংঘাতপূর্ণ সোয়াত জেলার আরেক তরুণী হিনা খানকে হামলার হুমকি দিয়েছে তালেবানরা। আজ সোমবার ‘দ্য ডন’-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, তালেবানদের নৃশংসতা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় আগে থেকেই সংগঠনটির কালো তালিকায় ছিল হিনা। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে সোয়াত কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় কয়েক বছর আগে তারা সপরিবারে ইসলামাবাদে চলে যায়।
একাদশ শ্রেণীর ছাত্রী হিনা জানায়, তালেবানরা ফের হুমকি দেওয়ায় এখন তার স্কুলে যাওয়া সম্ভব হবে না বলে সে আশঙ্কা করছে। সে জানায়, মালালার ওপর হামলার পর তাদের দরজায় একটি লাল সংকেত দেওয়া হয়। এরপর পরিবারের প্রতি বারবার হুমকি তাদের আরও অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।
হিনার বাবা রাইতুল্লাহ খান বলেন, ‘কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফটকে একটি লাল দাগ দেখি। কোনো শিশু এ দাগ দিয়েছে ভেবে মুছে দিই। কিন্তু পরের দিন একই চিহ্ন দেখে ভীতসন্ত্রস্ত হয়ে যাই। এর পরের দিন টেলিফোনে আমাদের বলা হয়, মালালার পর এবার হিনা।’
৯ অক্টোবর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন মালালা ইউসুফজাই (১৪)। প্রথমে তাকে পাকিস্তানের একটি সামরিক হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়; পরে উন্নত চিকিত্সার্থে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ওই হাসপাতালের চিকিত্সকেরা।







Ashik Imran
২০১২.১০.২২ ২৩:৪৬