শিরোনাম:

সূচক বেড়েছে দুই বাজারে

অনলাইন প্রতিবেদক | তারিখ: ২২-১০-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেশের পুঁজিবাজারে আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। শুরুতেই এক পয়েন্ট সূচক কমে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক বাড়ে ২০ পয়েন্ট। এভাবে কয়েকবার ওঠানামার পর সূচক বাড়তে শুরু করে। সূচকের এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই এক্সচেঞ্জে আজ ৩৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, এক্সিম ব্যাংক, বিকন ফার্মা, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, এনবিএল, তিতাস গ্যাস, সায়হাম টেক্সটাইল প্রভৃতি।
অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে; কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন