ভোলায় ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ
আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ভোলার দৌলতখান উপজেলায় অ্যাসিড ছুড়ে কলেজছাত্রীর শরীর ঝলসে দেওয়ার ঘটনার প্রতিবাদ ও এ ঘটনায় হওয়া মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ভোলা বন্ধুসভার সদস্যরা এসব কর্মসূচির আয়োজন করেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে দৌলতখান আবু আবদুল্লাহ মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী রুমা বেগমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে। এতে রুমার মুখ, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ ঘটনায় রুমার মা বাদী হয়ে স্থানীয় আবুল কালামকে আসামি করে দৌলতখান থানায় মামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় জাভেদ ইকবাল, আবু সাঈদ, হেমায়েত উদ্দিন, তানিয়া আক্তার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, আবুল কালামকে পুলিশ গ্রেপ্তার করছে না। তাঁকে বাঁচাতে তদবির করা হচ্ছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






