মাদকাসক্তদের টাকা পাওয়ার পথ বন্ধে উদ্যোগী হতে হবে
মাদক গ্রহণের একপর্যায়ে মাদকা-সক্ত ব্যক্তি হয়তো বুঝতে পারে যে এভাবে আর চলতে পারে না। নিজের ভেতর থেকেই সে তখন হয়তো ভালো হওয়ার উদ্যোগ নেবে। এই সুযোগ কাজে লাগাতে হবে অভিভাবকদের।
গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩০ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, আহমেদ হেলাল, ফারজানা রহমান, মেখলা সরকার ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।
বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তদের টাকা পাওয়ার পথ বন্ধে অভিভাবককে উদ্যোগী হতে হবে। তারা পরিবারের সদস্যদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে মাদকের জন্য টাকা নেয়। কিন্তু একটিবারের জন্যও কোনো মাদকাসক্ত ব্যক্তিকে এই সুযোগ দেওয়া যাবে না। একবার সুযোগ পেলে সে আর কখনো ভালো হওয়ার চেষ্টা করবে না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১২ অক্টোবর বিকেল পাঁচটায় ঢাকার বাইরে পাবনার আবদুল হামিদ সড়কে রফিকুল ইসলাম বকুল মিলনায়তনে এবং ১৩ নভেম্বর বিকেল পাঁচটায় ঢাকার ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩১ অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






