আসছে স্বয়ংক্রিয় ক্যামেরা!
নিজে নিজেই ছবি তুলবে এ ক্যামেরা
যুক্তরাজ্যের ওএমজি উদ্ভাবন করেছে বিস্ময়কর এক ক্যামেরা। এই ক্যামেরার বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি নিজে নিজেই ছবি তুলতে পারবে এবং বিপুল পরিমাণ ছবি ধারণ করতে পারবে। মজার এই ক্যামেরাটির নাম ‘অটোগ্রাফার’।
ক্যামেরার নকশা এমনভাবে করা হয়েছে, যেকোনো কাপড়ের সঙ্গে এটাকে ক্লিপ দিয়ে আটকানো যাবে বা কাঁধে ঝোলানো যাবে। মজার ব্যাপার হলো, এটি নিজের পছন্দমতো অর্থাৎ নিজেই ঠিক করবে কখন এবং কোন ছবিগুলো তুলতে থাকবে।
শুধু তাই নয়, ক্যামেরাটি প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে উচ্চ রেজ্যুলেশনে এক হাজারেরও বেশি ছবি তুলতে সক্ষম।
অটোগ্রাফারে রয়েছে আট গিগাবাইট মেমোরি ও পাঁচ মেগাপিক্সেলের লো-লাইট সেন্সর, যা ১৩৬ ডিগ্রি দৃষ্টি পরিসীমার যেকোনো ছবি তুলতে পারে। সারা দিনের কার্যকলাপ মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্লুটুথের মাধ্যমে কম্পিউটার বা স্মার্টফোনে দেখা যাবে।
ক্যামেরাটি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ও অ্যাকসেলেরোমিটারসহ পাঁচটি সেন্সর থেকে তথ্য সংগ্রহ ও মনিটর পরিবর্তন করবে। এগুলো হলো: পরিবেষ্টনকারী আলো, রং, নড়াচড়া, ডিরেকশন ও তাপমাত্রা। সেন্সরগুলোর সবই মাইক্রোসফটের সেন্সক্যাম প্রযুক্তির সঙ্গে সংযুক্ত। আর তাই যেকোনো মুহূর্তের ছবি স্বয়ংক্রিয়ভাবেই ধারণ করতে সক্ষম এ ক্যামেরা। এ মাসেই যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে অটোগ্রাফার। এর দাম পড়বে ৩৯৯ পাউন্ড। —গিজম্যাগ অবলম্বনে প্রদীপ সাহা
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






