কমল দাশগুপ্তের সুরভরা সন্ধ্যা
বাংলা গানের সোনালি যুগের খ্যাতনামা সুরস্রষ্টা কমল দাশগুপ্তের সুরে মুগ্ধ হলেন শ্রোতারা। গতকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে কমল দাশগুপ্তের গানের আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন গীতিসত্র।
সমবেত কণ্ঠে ‘জাগো অমৃত পিয়াসী’ গানটি দিয়ে শুরু হয় সুরের মায়াজাল ছড়ানো। তারপর একে একে একক সংগীত পরিবেশন করেন বেশ কয়েকজন শিল্পী।
নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল গেয়ে শোনান ‘আধ খানা চাঁদ হাসিছে আকাশে’। এরপর কাকলী হালদার পরিবেশন করেন ‘ভীরু এ মনের কলি’। একক সংগীতের মধ্যে আরও ছিল ‘আমার এ ভালোবাসা’, ‘সাঁঝের পাখিরা’, ‘আমি দুরন্ত বৈশাখী ঝড়’, ‘পৃথিবী আমারে চায়’, ‘আমার ভুবন কান পেতে রয়’সহ আরও বেশ কয়েকটি গান। সংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, বুলবুল ইসলাম, সুমন চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, মাহমুদ সেলিম, সুমা রায়, ফাহিম হোসেন চৌধুরী, শারমিন সাথী ইসলাম, নাসিমা শাহীন, সুতপা রায়, ফারহানা শার্লী, শহীদ কবির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গীতিসত্রের সভাপতি ভূঁইয়া শফিকুল ইসলাম। কমল দাশগুপ্ত সম্পর্কে তিনি বললেন, ‘তিনি ছিলেন এমন একজন সংগীত প্রতিভা, যাঁর প্রশংসা করতেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলাম।’
নজরুলের লেখা গানসহ প্রায় আট হাজার গানে সুর দিয়েছেন কমল দাশগুপ্ত। বাংলা, হিন্দি, উর্দু ও তামিল ভাষায় আধুনিক গান গেয়েছেন তিনি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






