বার্সায় আসছে ‘নতুন মেসি’

| তারিখ: ১২-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ব্রাহিম আবদেলকাদের ডায়াজ

ব্রাহিম আবদেলকাদের ডায়াজ

বার্সেলোনা-প্রতিদ্বন্দ্বীদের জন্য দুঃসংবাদ। এক মেসিকে রুখতেই যখন গলদঘর্ম, বার্সায় দ্বিতীয় মেসির আগমনের সংবাদটা দুঃসংবাদই বৈকি। তবে তাদের জন্য স্বস্তিও আছে। এই ‘নতুন মেসি’র বয়স মাত্র ১৩। স্প্যানিশ ক্লাব মালাগার কিশোর এই খেলোয়াড়কে দলে টানতে বার্সেলোনা এজেন্টরা আজ যাচ্ছেন মালাগায়। ব্রাহিম আবদেলকাদের ডায়াজ নামের এই কিশোরের বার্সার সঙ্গে চুক্তি হয়ে যেতে পারে আজই।
‘মালাগার রত্ন’ বলে পরিচিত নতুন মেসিকে দলে নেওয়ার জন্য এক বছর ধরেই লেগে আছে বার্সা। ফুটবল-নৈপুণ্যে বালক লিওনেল মেসিকে মনে করিয়ে দেওয়া ব্রাহিমকে গত বছরের জুলাইয়ে লা মাসিয়ায় আনতে চেয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেবার মালাগার ভাইস প্রেসিডেন্টের হস্তক্ষেপে ব্যর্থ হয় সেই চেষ্টা। তবে এবার আর বোধ হয় ধরে রাখা যাচ্ছে না এই বিস্ময় বালককে। কয়েক সপ্তাহ ধরেই এ ব্যাপারে মালাগার সঙ্গে কথা বলছেন পেপ গার্দিওলার ভাই পিয়েরে।
ব্রাহিমের জন্য বার্সার প্রস্তাব ৫০ হাজার ইউরো (প্রায় ৫৪ লাখ টাকা)। কিন্তু মালাগা চাইছে এক লাখ ইউরো। তবে ব্রাহিমের বাবা-মা জানিয়ে দিয়েছেন, মালাগায় থাকছে না তাঁর ছেলে। বার্সেলোনায় খেলাই তাঁর ধ্যানজ্ঞান। আজ যদি চুক্তি হয়ে যায়, সব মিলিয়ে বার্সার কাছ থেকে ৩ মিলিয়ন ইউরো পেতে পারে মালাগা। তবে সেটা নির্ভর করছে বার্সেলোনায় ব্রাহিম কত দূর যেতে পারেন তার ওপর। ভবিষ্যতে ব্রাহিম বার্সার মূল দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেই শুধু এই টাকা পাবে মালাগা। ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন