সোনার বার পাচার মামলা
গ্রেপ্তার মনোয়ার রিমান্ডে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৩ কেজি সোনার বার উদ্ধারের মামলায় গ্রেপ্তার মনোয়ারুল হককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।
গত সোমবার বিমানবন্দরের একটি শৌচাগার থেকে বারগুলো উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত হিসেবে দুবাইফেরত যাত্রী মনোয়ারুল হককে আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা গ্রেপ্তার করেন। এ ঘটনার পর সোমবার রাতে এপিবিএনের উপপরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান ও শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। অন্য আসামিরা হলেন ফেরদৌস ও দেবু। এঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সোমবার মনোয়ারুল এপিবিএন কর্মকর্তাদের বলেছিলেন, দেবু নামের এক ব্যক্তি এই সোনার মালিক। দুবাই থেকে ফেরদৌস নামের এক ব্যক্তি একটি গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা আজিজের কাছে পৌঁছানোর জন্য এই সোনার বারগুলো দিয়েছিলেন। তবে মামলায় আজিজকে আসামি করা হয়নি।
বিমানবন্দর থানার পুলিশ মনোয়ারুল হককে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিন মঞ্জুর করেন। গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। গত সোমবার তিনি বিমানবন্দরের শৌচাগারে সোনার বার রেখে পরে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






