মাদকাসক্তকে টাকা দেবেন না
মাদকবিরোধী পরামর্শ-সহায়তা অনুষ্ঠান ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো
মাদকাসক্ত ব্যক্তিরা পরিবারের সদস্যদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে মাদকের জন্য টাকা নেয়। কিন্তু একটিবারের জন্যও কোনো মাদকাসক্ত ব্যক্তিকে এ সুযোগ দেওয়া যাবে না। একবার সুযোগ পেলে আর কখনো ভালো হওয়ার চেষ্টা করবে না। তাই মাদকাসক্তকে অর্থের পথ বন্ধে অভিভাবককে উদ্যোগী হতে হবে।
গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৯ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি এবং তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, আহমেদ হেলাল, মেখলা সরকার, আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।
বিশেষজ্ঞরা বলেন, মাদক গ্রহণের একপর্যায়ে মাদকাসক্ত ব্যক্তি হয়তো অনুভব করতে পারে, এভাবে আর চলতে পারে না। নিজের ভেতর থেকেই সে হয়তো ভালো হওয়ার উদ্যোগ নেবে। সে সুযোগ কাজে লাগাতে হবে অভিভাবকদের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৯ অক্টোবর বিকেল পাঁচটায় ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩০ অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






