এইউর প্রথম নারী প্রেসিডেন্ট ড্লামিনি জুমা
দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী কোসাজানা ড্লামিনি জুমা আফ্রিকান ইউনিয়ন (এইউ) কমিশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে গত কয়েক মাস ধরে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলা জটিলতার অবসান হলো।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গত রোববার সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের সম্মেলনে ড্লামিনি জুমাকে নির্বাচিত করা হয়। তিনি সংস্থাটির প্রথম নারী প্রেসিডেন্ট। বর্তমান প্রেসিডেন্ট জ্যাঁ পিং কে ভোটে হারিয়ে তেষট্টি বছর বয়সী ড্লামিনি জয়লাভ করেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং ড্লামিনির সাবেক স্বামী জ্যাকব জুবা সম্মেলন কক্ষেই উঠে দাঁড়িয়ে চিত্কার করে বলেন, ‘তাঁর জয় নারীর ক্ষমতায়নকে জোরদার করবে।’
১৯৬৩ সালে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হবার পরে ড্লামিনি জুমাই প্রথম নারী প্রেসিডেন্ট। সংস্থাটির কাজকর্মের ধীরগতি ও অদক্ষতাকে মোকাবিলা করতে তাঁকে নতুন করে অনেক কাজ শুরু করতে হবে। ইতিপূর্বে লিবিয়া ও আইভরি কোস্টে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি সংস্থাটি। তাই আফ্রিকান ইউনিয়নকে সক্রিয় করাই ড্লামিনি জুমার সামনে প্রথম চ্যালেঞ্জ।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনেও ড্লামিনি জুমা এবং জ্যাঁ পিং অংশ নিয়েছিলেন। কিন্তু, ফলাফল নিয়ে জটিলতার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায় এবং ছয় মাস পরে নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম নির্বাচনে কোন প্রার্থীই জয়ের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পায়নি। অনেকে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার প্রার্থী হিসেবে ড্লামিনি জুমা টিকতে পারবে না। কারণ তিনি প্রচলিত নিয়ম ভঙ্গ করেছেন। সংস্থাটির পাঁচটি প্রধান রাষ্ট্র নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া, মিসর ও দক্ষিণ আফ্রিকা অলিখিত সিদ্ধান্তে পৌঁছেছিল যে কেউই সংস্থাটির প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করবে না।
তবে গত কয়েক মাসে পিং-এর বেশ কিছু অনিয়মের কথা ফাঁস হলে সমর্থনের পাল্লা ড্লামিনির দিকে ঝুঁকে যায়। তিনি ৫১টি ভোটের মধ্যে ৩৭টি পেয়ে নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার জন্য ৩৪টি ভোট পাওয়াই যথেষ্ট ছিল।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






