রিয়াল ছাড়ছেন কাকা?
গত মৌসুমেই বোধহয় রিয়াল মাদ্রিদে সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন কাকা। কিন্তু তার পরও প্রথম একাদশে জায়গাটা নিশ্চিত হয়নি এই ব্রাজিলীয় তারকার। তাই আসছে মৌসুমে হয়তো স্পেন ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
স্পেনে আগমন তাঁর ২০০৯ সালে। রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন অনেক প্রত্যাশা নিয়ে। কিন্তু ইনজুরি তাঁকে বারবারই ঠেলে দিয়েছে মাঠের বাইরে। ইনজুরির কারণে দূরে ছিটকে পড়া কাকার ফিরতে হিমশিম খেতে হচ্ছে হোসে মরিনহোর প্রথম একাদশে। ইউরোপীয় ফুটবলের গত মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই মাঠের বাইরে কাটিয়েছেন কাকা। খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও বার্সেলোনার বিপক্ষে লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে। দিনে দিনে কোচ মরিনহোও যেন কাকার প্রতি বেশ আস্থাহীন। মুখে প্রশংসা করলেও কাকা যে এখনো তাঁর সেরাটা দিতে পারেননি-সেটা জানাতে ভোলেননি মরিনহো। সব মিলিয়ে কাকার রিয়াল ছাড়ার গুঞ্জনটা তাই এ মুহূর্তে বেশ জোরদার। ইতিমধ্যেই নাকি দুই ইতালীয় জায়ান্ট ইন্টার ও এসি মিলান কাকাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এসি মিলান অবশ্য কাকার পুরোনো জায়গা। কিছুটা নস্টালজিয়ারও বটে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই এসি মিলানেই ক্যারিয়ারের সুবর্ণ সময়টা কাটিয়েছিলেন কাকা। ২০০৭ সালে এই এসি মিলানের জার্সি গায়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছিল ব্যালন ডি’অর। নিজেকে ফিরে পেতে তাই ইতালির মুখাপেক্ষী কাকা হতেই পারেন। তবে এসি মিলানে যাবেন নাকি ইন্টারে—তা অবশ্য সময়ই বলে দেবে। ওয়েবসাইট।








Md. Rabiul Islam
২০১২.০৭.১৬ ২৩:৫১