ইসরায়েলির গায়ে আগুন (ভিডিও)
এ বছরের মার্চে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন এক বৌদ্ধ সন্ন্যাসী। এবার এই একই ধরনের প্রতিবাদের নজির স্থাপন করেছেন ইসরায়েলের এক ব্যক্তি। গত শনিবার ইসরায়েলে জীবনযাত্রার উচ্চ ব্যয় ও অন্যান্য সামাজিক ইস্যুতে প্রতিবাদের সময় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে।
গত শনিবার জেরুজালেম ও তেল আবিবে প্রায় একই সময় দুটি প্রতিবাদ র্যালি বের করে বিক্ষোভকারীরা। এ সময় হাজার হাজার মানুষ ‘সবার জন্য ন্যায়বিচার’, ‘শোষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরই মধ্যে আচমকা গায়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। এ সময় একটি চিঠিতে নিজের এ অবস্থার জন্য সরকারকে দায়ী করেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত বছরের জুলাইয়ে ইসরায়েল-জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল দেশটির নাগরিকেরা। খাদ্যদ্রব্যের উচ্চমূল্য হ্রাস, বেশি পারিশ্রমিক ও ভালো শিক্ষার দাবিতে এই বিক্ষোভ করে তারা। গত শনিবার এই বিক্ষোভের এক বছর পূর্তি উপলক্ষেই তেল আবিব ও জেরুজালেমে র্যালি বের করেছিলে ইসরায়েলের নাগরিকেরা।
ইসরায়েলে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানানোর নজির খুব বেশি দেখা যায় না। এর আগে ২০০৫ সালে এ ধরনের এই কাণ্ড ঘটিয়েছিলেন এক ইসরায়েলি নারী। গাজা উপত্যকায় হাজার হাজার ইসরায়েলিকে তাদের নিজ গৃহ থেকে উচ্ছেদ করার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ওই ইসরায়েলি নারী।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






