এক টেলিছবিতে সুবর্ণা-আফজাল-মৌ

অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ১৯৯৫ সালের দিকে প্রথম একসঙ্গে টিভি নাটকে অভিনয় করেন। নাটকটির নাম ছিল ‘হঠাত্ বৃষ্টি’। এরপর আরও দু-একটি নাটকের কাজ একসঙ্গে করেছিলেন তাঁরা। বেশ কয়েক বছর বিরতির পর গত রোববার একটি টেলিছবিতে এ দুজন আবারও একসঙ্গে অভিনয় করলেন। আফজাল হোসেন ও মৌ ছাড়াও এ টেলিছবির অন্য অভিনয়শিল্পী হলেন সুবর্ণা মুস্তাফা। তিনি টেলিছবিতে আফজাল হোসেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।
রাজধানীর পান্থপথের একটি শুটিংবাড়িতে গতকাল আফজাল হোসেন ও মৌ টেলিছবিটির শুটিংয়ে অংশ নেন। ফারিয়া হোসেনের লেখা ‘প্রেম বাঁচিতে জানে’ শিরোনামের এ টেলিছবিটি পরিচালনা করছেন আরিফ খান। পান্থপথের শুটিংবাড়িতে কথা হয় টেলিছবিটির অভিনয়শিল্পী ও পরিচালকের সঙ্গে।
এ প্রসঙ্গে মৌ বলেন, ‘আসলে ঠিক কবে আমরা দুজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তা মনে নেই। তবে এটা মনে আছে যে আমাদের প্রথম নাটকটির নাম হঠাত্ বৃষ্টি।’ অবশ্য টেলিছবিটির কাহিনির বিষয়ে মৌ কিছু বলতে রাজি হননি।
সুবর্ণা বলেন, ‘আমি ও আফজাল সর্বশেষ একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছিলাম তৌকীর আহমেদের পরিচালনায় ‘অরণ্যের সুখ-দুঃখ’ নাটকে। প্রেম বাঁচিতে জানে টেলিছবিতে কাজের ব্যাপারে প্রথম কথা হয়েছিল পাঁচ বছর আগে। কিন্তু আমাদের দুজনের কেউই সময় বের করতে পারছিলাম না। অবশেষে এবারে তা সম্ভব হয়েছে।
টেলিছবিটির পরিচালক আরিফ খান বলেন, ‘আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা ও মৌ—এঁদের তুলনা এঁরা নিজেরাই। এঁদেরকে একসঙ্গে এক টেলিছবিতে পাওয়া যেকোনো নির্মাতার জন্য সৌভাগ্যের ব্যাপার। নিঃসন্দেহে এটা অনেক ভালোলাগার অনুভূতি।’
প্রেম বাঁচিতে জানে পারিবারিক কিছু মূল্যবোধ নিয়ে তৈরি হচ্ছে। টেলিছবিতে আফজাল হোসেন অভিনয় করবেন একজন ব্যবসায়ীর চরিত্রে, আর সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে। একটা সময় মৌকে কেন্দ্র করে আফজাল হোসেনের পরিবারে টানাপোড়েন তৈরি হয়। তা-ই নিয়েই এগিয়ে যায় প্রেম বাঁচিতে জানে টেলিছবির গল্প।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Ripon

Ripon

২০১২.০৭.১৬ ২২:২৯
very old couple