গতি বাড়াবেন স্টেইন

অনলাইন ডেস্ক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ডেল স্টেইন

ডেল স্টেইন

ইনজুরির কাছে হার মেনে ব্রেট লি অবসরে গেছেন। তাই বলে মাঠে বল হাতে ঝড় তোলার আর কেউ ক্রিকেট বিশ্বে রইল না, এমনটা ধরে নেওয়াটা বোধ হয় ঠিক হবে না। দক্ষিণ আফ্রিকার গতি-সম্রাট ডেল স্টেইন ঘোষণা দিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া সিরিজেই নিজের বলের গতি বাড়িয়ে দেবেন তিনি। দক্ষিণ আফ্রিকার শীর্ষ সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজ২৪ ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে ২৯ বছর এই পেসার এ কথা জানিয়েছেন।
স্টেইনের লক্ষ্য, দক্ষিণ আফ্রিকার দ্রুততম বোলার হওয়া। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার দ্রুততম বোলার হওয়ার চেষ্টা করছি আমি। আমার মনে হয়, বিশ্বের যেকোনো দ্রুততম বোলারের মতো বল করার সময় এসেছে। কিন্তু শুধু বলের গতি বাড়ানো নয়, সঙ্গে উইকেটও শিকার করতে চাই আমি।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গতির মূল লড়াইটা স্টেইনের হবে জেমস অ্যান্ডারসনের সঙ্গে। তবে এই অ্যান্ডারসনই প্রেরণা হতে পারে স্টেইনের! চার বছর আগে তাঁর বল লেগে বুড়া আঙুল ভেঙেছিল অ্যান্ডারসনের। স্টেইনের একটা বাউন্সার তাঁর মাথায় লেগেছিল।
স্টেইন চান, আসন্ন সিরিজে পুরোনো সেই স্মৃতিগুলো ফিরে আসুক। তাঁর বলে অ্যান্ডারসনের পর্যদুস্ত হওয়ার স্মৃতি টেনে স্টেইন বলেন, ‘আমার মনে আছে, আমার একটা বাউন্সার ওর মাথায় লেগেছিল। এমন ভালো কিছুই করতে চাই আমি।’ স্পষ্টত একটা হুমকি দেওয়ার পর অবশ্য অ্যান্ডারসনের প্রশংসাও করেছেন স্টেইন, ‘ও খুব ভালো ছেলে, খেলেও দুর্দান্ত।’
ক্রিকেটে পাকিস্তানের শোয়েব আকতারই ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করে নিজেকে আলাদা করে ফেলেছেন। ২০০২ ও ২০০৩ সালে দুবার শোয়েব ১০০ মাইল বেগে বল ছুড়েছিলেন। গত বছর বিশ্বকাপের পরপরই ক্রিকেটকে বিদায় জানান এই ‘গতি দানব’। গত শুক্রবার ক্রিকেটকে বিদায় বলেছেন ৯৯ দশমিক ৯ মাইল গতিতে বল করা ব্রেট লি।
এখন অপেক্ষা গতির লড়াইয়ে স্টেইন শোয়েব আর লিকে ছাড়িয়ে যেতে পারেন কি না।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Khondaker Al Aminur Rahman

Khondaker Al Aminur Rahman

২০১২.০৭.১৬ ১৮:৪২
ভবিষ্যেতে আরো হাইবিট বলার আসবে।

Sujon

Sujon

২০১২.০৭.১৬ ২১:১৭
স্টেইন শুধু গতিই নয় সাথে কিভাবে নিখুঁত লাইনে ও লেন্থ বজায় রেখে উকেটের পর উইকেট নেয়া যায় তারই আদর্শ দৃষ্টান্ত হচ্ছে ডেইল স্টেইন। ৫৪ টেস্টে ২৫২ উইকেট ,১৭ বার ৫ ও তার বেশী উইকেট পাশাপাশি উভয় ইনিংস মিলিয়ে ৪ বার ১০ উইকেট নেবার বিরল দৃষ্টান্ত এই স্টেইনেরই গড়া। ওর অ্যাভেরেজ(২৩.১৮) ও বলে দেয় ও একজন জীবন্ত কিংবদন্তী। তাই আমি শোয়েব আখতার ও ব্রেট লী'এ ওপরে ওকেই রাখব। গত বছরে ও কয়েক বার ৯৭/ ৯৮ মাইলে বেগে বল করেছে তাই ও যদি শোয়েব আখতারের রেকর্‍ড ভেঙ্গে দেয় তাতেও অবাক হবো। শুভ কামনা রইলো ওর জন্য। আর শোয়েবকে মিস করেছি এখন লী কেও মিস করবো।