ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সেমিনার
‘বাড়িভাড়া নিয়ে আন্দোলন করার যথেষ্ট যুক্তি আছে’
ভাড়াটে-বাড়িওয়ালার সমস্যা যুগ যুগ ধরে চলছে। এটা নিয়ে আন্দোলন করার যথেষ্ট যুক্তি আছে। ঢাকাবাসীর এত বড় একটি সমস্যার সমাধানে সরকার কোনো উদ্যোগ নেয়নি। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ভাড়াটিয়া কল্যাণ সোসাইটি আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যেকোনো আন্দোলন করতে হলে যুক্তি থাকতে হয়। এই আন্দোলনেরও যুক্তি আছে।
বক্তারা ১৯৯১ সালে প্রণীত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সংশোধন করে তা বাস্তবায়নের আহ্বান জানান।
কোনো দল দিয়ে নাগরিক সমস্যার সমাধান হবে না—এ মন্তব্য করে মান্না বলেন, ‘আপনার আমার দাবি আমাদেরকেই আন্দোলন করে আদায় করতে হবে। কোনো নাগরিক আন্দোলনই রাজনৈতিক ব্যানার ছাড়া সফল হয় না। এমন প্রচলন থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্না আরও বলেন, নাগরিক কোনো আন্দোলন সরকারের ভালো না লাগলে সেখানে তারা জেএমবি খোঁজে। সরকারের বিপক্ষে গেলেই তারা মানবতাবিরোধী অপরাধী হয়ে যায়। তিনি বলেন, ‘বুয়েট আন্দোলনেও সরকার জঙ্গি খুঁজছে। বুয়েটে এমন একজন ছাত্রকে খুঁেজ পাওয়া যাবে না, যে ভিসির পদত্যাগ চায় না। অথচ সরকার এখন পর্যন্ত সাধারণ ছাত্র-শিক্ষকদের দাবি আমলে নিয়ে ভিসিকে অপসারণ করার কোনো উদ্যোগ নেয়নি।’
সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংসদে বাড়িভাড়া ও ভাড়াটেদের সমস্যা নিয়ে আলোচনা হয় না। অথচ বাড়িভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) স্থগিত হয়ে যাওয়া নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আইনজীবী তুহিন মালিক বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের যথাযথ সংশোধন ও বাস্তবায়ন দাবি করেন।
সংগঠনের সভাপতি এ কে এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে মহাসচিব হাবিবুল্লাহ মাহবুব বক্তব্য দেন।







Nurul Huda
২০১২.০৭.১৬ ০৮:৪১
২০১২.০৭.১৬ ১২:০৩