জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পদ্মা সেতু নির্মাণে কর্তৃপক্ষের সহায়তা দেওয়ার প্রতিবাদ
পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা সহায়তা দেওয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহীদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। অথচ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা ও পরিবহনসংকট নিরসন না করেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পদ্মা সেতু নির্মাণে এক কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের নামে বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে তুলে নেওয়া টাকা। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের স্বার্থে এক কোটি টাকা দেওয়ার ওই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫০তম সিন্ডিকেট সভায় পদ্মা সেতু নির্মাণের জন্য এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।







Shafiq Bhuiyan
২০১২.০৭.১৬ ০৭:৫৯Khokon
২০১২.০৭.১৬ ১২:১৮