চার বছর পর আবারও আসছে ‘ক্লোজআপ ওয়ান’
চার বছর বিরতির পর এনটিভিতে আবারও শুরু হচ্ছে সংগীত প্রতিভা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’। এটি এই প্রতিযোগিতার চতুর্থ আসর। প্রতিযোগিতাটি সম্পর্কে আগাম ঘোষণা দেওয়া উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ।
সংবাদ সম্মেলনে বক্তারা অনুষ্ঠানটির এবারের আসরের বিস্তারিত তথ্য সবার সামনে তুলে ধরেন। কে এস এম মিনহাজ তাঁর বক্তব্যে বলেন, ‘আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারে আরও বড় পরিসরে এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগীত প্রতিভা অন্বেষণের প্ল্যাটফর্মটি ফিরিয়ে আনছি। অন্যবারের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান সংগীতশিল্পীরা আমাদের সমৃদ্ধ সংগীতাঙ্গনের সঙ্গে যুক্ত হবেন।’ তিনি বলেন, ‘আশা করছি—নতুনদের এই পদচারণায় আমাদের সংগীতশিল্পীরা আরও সমৃদ্ধ হবে।’
সংবাদ সম্মেলনে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী চার বছর পর অনুষ্ঠানটি নতুন করে শুরু করার কারণটি সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাংলা ভাষাভাষী সব প্রতিভাবান আগ্রহী সংগীতশিল্পী এবারের আসরে অংশ নিতে পারবেন। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা আশা করব, আগের বারের মতো এবারও জনপ্রিয় হবে।
জানা গেছে, খুব শিগগিরই ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২-এর নাম নিবন্ধনের কাজ শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল—এ ১০টি অঞ্চলের আগ্রহীদের নিয়ে অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ড। প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও আরব অমিরাতে। এ ছাড়া প্রথমবারের মতো এ আসরে যুক্ত হবেন অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি প্রতিযোগীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার চ্যাম্পিয়নের জন্য থাকবে ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড গাড়ি, দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে তিন লাখ টাকা। খুব শিগগিরই প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রথম শুরু হয়েছিল ২০০৫ সালে। এরপর ২০০৬ এবং এক বছর বিরতি দিয়ে ২০০৮ সালে এর তৃতীয় আসরটি অনুষ্ঠিত হয়। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আয়োজনে চ্যাম্পিয়ন ছিলেন নোলক। এরপর যথাক্রমে চ্যাম্পিয়ন হন সালমা ও লিজা।
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার শীর্ষ সংগীত ‘যদি লক্ষ থাকে অটুট, বিশ্বাস হূদয়ে/হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল আরও সুর করেছেন নকীব খান।







taife
২০১২.০৭.০৫ ১৬:৪৮Maniur Rahman
২০১২.০৭.০৬ ০৭:২২