সেরেনা না আজারেঙ্কা?

| তারিখ: ০৫-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ভিক্টোরিয়া আজারেঙ্কা,সেরেনা উইলিয়ামস

ভিক্টোরিয়া আজারেঙ্কা,সেরেনা উইলিয়ামস

এক নম্বর বিদায় নিয়েছেন, বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নও। আজকের সেমিফাইনালেই কি উইম্বলডন বিদায় জানাবে দুই ও তিন নম্বর আজারেঙ্কা ও রাদওয়ানস্কাকেও। ভিক্টোরিয়া আজারেঙ্কার কাজটাই বেশি কঠিন। তাঁকে লড়তে হবে সেরেনা উইলিয়ামসের সঙ্গে। র‌্যাঙ্কিং হয়তো দ্বিতীয় বাছাই আজারেঙ্কাকেই ফেবারিট দেখায়। সেরেনা এখন বিশ্বের ছয় নম্বর খেলোয়াড়। কিন্তু র‌্যাঙ্কিংই তো সব নয়।
এর আগে চারবার উইম্বলডন জিতেছেন সেরেনা। ফাইনাল খেলেছেন ছয়বার। পঞ্চম শিরোপার লড়াইয়ে নামা মার্কিন তারকা ছন্দে থাকলে কতটা ভয়ংকর সেটা ভালোই বুঝেছেন প্রতিপক্ষরা। তা ছাড়া ‘জিততেই হবে’ এই চাপটাও নেই সেরেনার ওপর। ‘হারানোর কিছু নেই’ এই মন্ত্রটাই আরও বেশি উদ্দীপ্ত করছে তাঁকে। চোট, প্রাণঘাতী রোগ থেকে সেরে উঠে আগের গ্র্যান্ড স্লামগুলোতে সুবিধা করতে পারেননি। ফ্রেঞ্চ ওপেনে তো হারলেন প্রথম রাউন্ডেই। সেখান থেকে ফিরে এসে সেমিফাইনালে ওঠাটাই বা কম কী!
অন্যদিকে বেলারুশের আজারেঙ্কার কাছে ২০১২ সালটাই ক্যারিয়ারের সেরা বছর। বছরের শুরুতেই জেতেন অস্ট্রেলিয়ান ওপেন, ওঠেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। পরে শারাপোভার কাছে মুকুটটা হারালেও এ বছর সবচেয়ে ধারাবাহিক তো তিনিই। পরশু কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার অবাছাই তামিরা পাশেককে ৬-৩, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে উইম্বলডনে টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করেছেন আজারেঙ্কা।
২০১০ সালের সর্বশেষ গ্র্যান্ড স্লাম জেতা সেরেনার ভালোই জানা গত ছয় মাসে আজারেঙ্কা কী করেছেন। তাই ৩০ বছর বয়সী সেরেনা সমীহই করছেন আজারেঙ্কাকে, ‘সে অবিশ্বাস্য খেলছে। আর ইতিমধ্যেই সে একটা গ্র্যান্ড স্লাম জিতেছে। এটা দারুণ ব্যাপার। আর এটা যেভাবে সে করেছে তাতে তার সঙ্গে আমার খেলাটা মোটেই সহজ হবে না।’ তবে নিজেকে নির্ভার রাখারও একটা উপায় খুঁজেছেন তিনি, ‘আরেকটা ম্যাচ খেলতে যাচ্ছি, যেখানে সত্যিই আমার হারানোর কিছুই নেই। আমি ওখানে যাব, উপভোগ করব আর মজা করব।’
২২ বছর বয়সী আজারেঙ্কাও শ্রদ্ধাশীল প্রতিপক্ষের প্রতি, ‘সেরেনার চেয়ে ভালো প্রতিপক্ষ আর কেউ নেই। আমি সত্যিই এটির জন্য উন্মুখ। ব্যাপারটা সহজ হবে না। তবে এটা একটা গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল, আপনি আর কী আশা করতে পারেন?’
শেষ চারের অন্য ম্যাচে মুখোমুখি আগ্নেয়েস্কা রাদওয়ানস্কা ও অ্যাঞ্জেলিক কেরবার। দুজনই প্রথমবারের মতো উঠেছেন গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে ৭-৫, ৪-৬, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়েছেন রাদওয়ানস্কা। উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা প্রথম পোলিশ খেলোয়াড় তিনি।
স্বদেশি সাবিনা লিসিকিকে ৬-৩, ৬-৭ (৭/৯), ৭-৫ গেমে হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। গত বছরের উইম্বলডনের প্রথম রাউন্ডেই যখন বিদায় নেন, কেরবারের র‌্যাঙ্কিং ছিল ১০০। এক বছরের মাথায় ২৪ বছর বয়সী সেই মেয়ের র‌্যাঙ্কিং এখন ৮। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন