বখাটের ছোড়া এসিডে ঝলসে গেল পোশাকশ্রমিকের মুখ
রাজধানীর উত্তরখানে গত মঙ্গলবার রাতে শিরীন আখতার (১৮) নামের এক পোশাকশ্রমিককে এসিড মেরে তাঁর ডান গাল, গলা ও ঠোঁট ঝলসে দিয়েছে এক বখাটে। শিরীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শিরীন উত্তরখানের তাঁর আদর্শপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় উত্তরখান উচ্চবিদ্যালয়ের কাছে মো. মিন্টু নামে এক বখাটে তাঁর পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই বখাটে মিন্টু একটি বোতল থেকে তাঁকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এ সময় তিনি যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলে মিন্টু পালিয়ে যায়। এ ঘটনায় শিরীন বাদী হয়ে মিন্টুকে আসামি করে উত্তরখান থানায় এসিড দমন আইনে একটি মামলা করেছেন।
হাসপাতালে শিরীন সাংবাদিকদের বলেন, এসিড হামলাকারী মিন্টু পরিবহন-শ্রমিক। পাঁচ মাস ধরে পোশাক কারখানায় যেতে-আসতে মিন্টু পথে তাঁকে প্রেমের প্রস্তাব দিত। তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এ কারণে মিন্টু তাঁর ওপর এসিড নিক্ষেপ করেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এসিডে শিরীনের ডান গাল, গলা ও ঠোঁট ঝলসে গেছে। তাঁর অবস্থা গুরুতর।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর মিন্টু পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য
- ২০১২.০৭.০৬ ২০:২৩
- কোথায় গেল মানবাধিকার কমিশন ? কোথায় গেল হিউম্যান রাইটস ওয়াচ ?






