বিসিএস-এর সংবাদ সম্মেলনে বক্তারা
আউটসোর্সিং প্রতারণা বন্ধে আইন প্রয়োজন
দেশের তরুণদের জন্য আউটসোর্সিং একটা বিরাট সম্ভাবনা। কিন্তু এ বিষয়ক যথোপযুক্ত আইন ও নীতিমালা না থাকায় সম্ভাবনার ক্ষেত্রটিতে মানুষ খুব সহজেই প্রতারিত হচ্ছে।
এ ধরনের প্রতারণা বন্ধে সুষ্ঠু নীতিমালার প্রয়োজন। পাশাপাশি যাঁরা আউটসোর্সিং করেন, তাঁদেরও সচেতন হতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে বক্তারা আউটসোর্সিং নিয়ে প্রতারণা করা সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের শাস্তিরও জোর দাবি জানান।
‘জাতীয় বাজেট (২০১২-১৩) আলোচনা’ ও ‘আউটসোর্সিং নিয়ে প্রতারণা’ দুটি পৃথক বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, সহসভাপতি মো. মঈনুল ইসলাম, পরিচালক মোস্তাফা জব্বারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মো. ফয়েজউল্যাহ খান বলেন, ‘বর্তমানে আউটসোর্সিংয়ের নামে বেশির ভাগ প্রতিষ্ঠানই প্রতারণা করছে। অনেক প্রতিষ্ঠানই নিবন্ধনের নামে লোকজনের কাছ থেকে নগদ টাকা নিচ্ছে। কিন্তু বিশ্বের স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে কোনো ধরনের টাকা দিতে হয় না। তাই কেউ যদি কাজ করার আগেই টাকা চায় বা নেয়, তাহলে বুঝতে হবে এটি প্রতারণা।’
সচেতনতার ক্ষেত্রে বিসিএস কী করছে—প্রশ্নের উত্তরে তিনি জানান, বিসিএস ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় আউটসোর্সিংয়ে তরুণদের উৎসাহ ও সচেতন করতে বিভিন্ন কাজ করেছে। ভবিষ্যতেও বিসিএসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
—জিয়াউর রহমান চৌধুরী







that site take $10 or $30 usd for signup. please tell me to ami_dosty@rediffmail.com