বিশাল জরিমানার পর বার্কলেস ব্যাংকের সিইওর পদত্যাগ
লন্ডন আন্তব্যাংক মুদ্রাবাজারের সুদের হার (লাইবর রেট) নিয়ে কারসাজি করার অভিযোগে বার্কলেস ব্যাংককে জরিমানা করার পর ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা বব ডায়মন্ড পদত্যাগ করেছেন।
তবে পদত্যাগ করলেও তাঁকে ব্রিটিশ সংসদীয় কমিটির সামনে হাজিরা দিতে হচ্ছে। ব্রিটিশ সাংসদেরা তাঁর কাছে জানতে চাইবেন, এই কারসাজির বিষয়টি কারা কারা কবে থেকে জানত এবং কেন ও কীভাবে তা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ২০০৮ সালে বিশ্বজুড়ে আর্থিক সংকটের সময় বার্কলেস ব্যাংক লাইবর হারের ক্ষেত্রে কারসাজির আশ্রয় নিয়ে নিজেদের মুনাফার প্রকৃত চিত্র গোপন করে।
পরবর্তী সময় বিলেতের ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটির (এফএসএ) অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে। এতে আরও ধরা পড়ে যে ২০০৫-০৭ সময়কালেও বার্কলেস ব্যাংক এ ধরনের কারসাজির আশ্রয় নিয়েছিল। এরপর গত জুন মাসের শেষ সপ্তাহে বার্কলেস ব্যাংককে ২৯ কোটি পাউন্ড জরিমানা করা হয়।
উল্লেখ্য, সম্পদমূল্যের দিক থেকে বার্কলেস বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংক। সূত্র: বিবিসি
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







