রপ্তানি হলে দেশে দাম আরও বাড়বে

বাংলাদেশ থেকে কাঁচা মরিচ নিতে চায় পশ্চিমবঙ্গ

অর্থ ও বাণিজ্য ডেস্ক | তারিখ: ০৫-০৭-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশ থেকে কাঁচা মরিচ আমদানির উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত ১১ সদস্যের টাস্কফোর্সের এক বৈঠকে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
এদিকে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে বেগুন, শসা, রসুন, পেঁয়াজ, আলু প্রভৃতি পণ্যের সঙ্গে কাঁচা মরিচের রপ্তানিও বন্ধ কিংবা নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আমাদের কলকাতা প্রতিনিধি জানান, কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে কাঁচা মরিচের দাম এখন আকাশছোঁয়া। স্থানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১৫০ রুপিতে। এই অবস্থায় রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্স নিতপণ্যের বাজারের ওপর নজরদারি শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে কাঁচা মরিচ আমদানির কথা বলেছে। এ ছাড়া ঝাড়খন্ডের রাঁচি, উত্তর প্রদেশের বেনারস ও বিহারের কাটিহার থেকেও কাঁচা মরিচ আনার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা, ক্যানিং ও ডায়মন্ড হারবারে প্রচুর মরিচ হলেও এবার বৃষ্টিপাতের অভাবে এসব জায়গায় ফলন কম হয়েছে। সে জন্য পণ্যটির দাম বেড়ে গেছে।
কলকাতায় টাস্কফোর্সের বৈঠক শেষে এর সদস্য ও ওয়েস্ট বেঙ্গল ভেন্ডার্স অ্যাসো-সিয়েশনের নির্বাহী সভাপতি কমল দে জানান, মরিচের অভাব পূরণে প্রতিবেশী বাংলাদেশ থেকে কাঁচা মরিচ আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে বাংলাদেশ থেকে কাঁচা মরিচ আসবে পশ্চিমবঙ্গের বাজারে।
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই বাংলাদেশ থেকে কাঁচা মরিচ রপ্তানি শুরু হয়ে গেছে। রাজধানীর বড় পাইকারি বাজার শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সভাপতি মো. সাঈদ মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানান।
আর রপ্তানি শুরু হতে না হতেই শ্যামবাজারে কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করেছে। মঙ্গলবার প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৭০ টাকায়, যা গত শুক্রবারও ছিল ২৫ থেকে ৩০ টাকা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Ratan Jyoti

Ratan Jyoti

২০১২.০৭.০৫ ০৫:০৩
Good News!

Saidur Rahman

Saidur Rahman

২০১২.০৭.০৫ ১১:৩২
Mamata did not give us our share of Tista water. We don't need to give them green chillies. In the next few months, we will need green chillies, and the flood is unpredictable either. There could be a scarcity. We can give dry ones rather, if we have extra.

Hasanujjaman

Hasanujjaman

২০১২.০৭.০৫ ১৩:৩৩
বাংলাদেশী মরিচের ঝাল টের পাওয়ানোর জন্য বগুড়া থেকে মরিচ সাপ্লাই দেয়া হোক।