কম দামে বাইদুর স্মার্টফোন
কমদামে স্মার্টফোন দেবে বাইদু
চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বাইদু তাদের প্রথম স্মার্টফোন চালু করার ঘোষণা দিয়েছে। তাইওয়ানের বহুজাতিক ইলেক্ট্রনিকস সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকনের তৈরি চ্যাংহং এইচ ৫০১৮ মডেলের কম দামি নতুন এই স্মার্টফোন চীনের অন্যান্য কম দামি হ্যান্ডসেটের সঙ্গে প্রতিযোগিতা করবে। বাইদুর নিজস্ব অপারেটিং সিস্টেম ক্লাউডে এটি চলবে।
বিশ্লেষকেরা বলেছেন, চীনের মোবাইল ফোনের রমরমা বাজারে বাইদুর উপস্থিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বে যত মোবাইল ফোনসেট ব্যবহূত হয়, তার অধিকাংশই চীনের। এ রকম পরিস্থিতিতে বাইদু যদি নিজস্ব ফোনসেট বাজারে না আনে, তাহলে তাদের ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়বে। এক হাজার ইউয়ানেরও কম দামের নতুন এই স্মার্টফোন ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়বে বলে বিশ্লেষকদের ধারণা।
চীনের গ্রাহকেরা এখন হুয়াউই টেকনোলজিস, জেডটিই করপোরেশন, এইচটিসি, লেনোভো ও সিয়াওমি এসব কোম্পানির হ্যান্ডসেট ব্যবহার করছে। তবে বাইদুর আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের কেইসার কুও বলেছেন, তাঁর ধারণা এইচ৫০১৮ মডেলের নতুন এই স্মার্টফোন ব্যাপক জনপ্রিয়তা পাবে। তিনি বলেন, ‘নতুন স্মার্টফোনে আমরা ১০০ গিগাবাইট দিচ্ছি। আমি মনে করি, কেউ আমাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবে না। নতুন স্মার্টফোন প্রথমে চীনের বাজারে ছাড়া হবে। পরে ধীরে ধীরে তা বিদেশে রপ্তানি করা হবে।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






