ঢাকা বোর্ডের সেরা ২০ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৮-০৫-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
এসএসসিতে ঢাকা বোর্ডে দ্বিতীয় ডেমরার শামসুল হক খান হাইস্কুলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এসএসসিতে ঢাকা বোর্ডে দ্বিতীয় ডেমরার শামসুল হক খান হাইস্কুলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ছবি: প্রথম আলো

ঢাকা বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় এবারও প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল। স্কুলটির ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৬ জন। এই প্রথম সেরাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেমরার শামসুল হক খান হাইস্কুল। স্কুলটি থেকে এবার ৫০২ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৪৯ জন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে তৃতীয়। এক হাজার ২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪০ জন। স্কুলের অধ্যক্ষ শাহান-আরা-বেগম বলেন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ গত বছর দ্বিতীয় হলেও এবার হয়েছে চতুর্থ। দুই ধাপ পেছানোর জন্য গত বছরের অঘটন আর শিক্ষক সংকটকে দায়ী করেছেন অধ্যক্ষ মঞ্জু আরা বেগম।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অধিকার করেছে পঞ্চম স্থান । গত বছর প্রতিষ্ঠানটি ছিল চতুর্থ স্থানে। এবার ৩৮২ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ্ উদ্দিন ভূঁঞা বলেন, পরীক্ষার ফলাফলে এক ধাপ পিছিয়ে বা এগিয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তবে শিক্ষার্থীদের প্রতি নজর দেওয়ার বিষয়টি আরও জোরদার করতে হবে।
ষষ্ঠ স্থানে আছে মির্জাপুর ক্যাডেট কলেজ। ৫২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় আছে সপ্তম স্থানে। ৩৫০ জন পরীক্ষার্থীর ২৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। অষ্টম স্থানে রয়েছে মনিপুর হাইস্কুল। এক হাজার ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ জন। নবম স্থান দখল করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলজ। ৪৫ জন ছাত্রীর সবাই জিপিএ-৫ পেয়েছে। দশম স্থানে আছে ময়মনসিংহ জিলা স্কুল। স্কুলটির ২৬৫ জন পরীক্ষার্থীর ২২৩ জনই জিপিএ-৫ পেয়েছে।
ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল এবার ১১তম স্থান দখল করেছে। স্কুলের ২৬৭ জন পরীক্ষার্থীর ২২২ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বাদশ স্থানে রয়েছে মতিঝিল মডেল হাইস্কুল। স্কুলের এক হাজার ২৯৪ জনের মধ্যে ৮৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে। ত্রয়োদশ অবস্থান হলিক্রস গার্লস স্কুলের। ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
১৪তম স্থানে রয়েছে সেন্ট জোসেফ হাইস্কুল। প্রতিষ্ঠানটির ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। ১৫তম স্থানে থাকা উদয়ন বিদ্যালয়ের ১৪৯ জনের মধ্যে ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।
১৬তম স্থানে রয়েছে মতিঝিল সরকারি উচ্চবালিকা বিদ্যালয়। ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২২ জন। ১৭তম স্থানে থাকা ঘাটাইলের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ১৮তম স্থানে থাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। ১৯তম স্থানে থাকা শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজের ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন জিপিএ-৫ পেয়েছে। আর ২০তম স্থানে থাকা ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন