ছাত্রীকে এসিড নিক্ষেপ
জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে কলেজছাত্রী সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে এসিডদগ্ধদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সহযোগিতায় নোয়াখালী বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক-ছাত্রী, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক লোক অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু জাফর মো. সাদেক, সহকারী অধ্যাপক খালেদ মামুন, প্রভাষক তামান্না আক্তার, আইনজীবী গোলাম আকবর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।
প্রসঙ্গত, ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানার ওপর এসিড নিক্ষেপের মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় গত মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে এসিড-সন্ত্রাসের শিকার হয় সেলিনা আক্তার (১৭)। সেলিনা নোয়াখালী সদর উপজেলার মতিপুর গ্রামের মৃত সৌরভ হোসেনের মেয়ে ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
২০১০ সালের ১৫ জুন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এসিড-সন্ত্রাসের শিকার হয় সেলিনার ছোট বোন ফারহানা আক্তার (১৪), বড় বোন রৌশনারা (২৪) ও তাঁর ছেলে লিয়ান-বিন অভি (৪)। ওই ঘটনায় সেলিনার নানা দেলোয়ার হোসেন বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। মামলায় সেলিনাকে এক নম্বর সাক্ষী করা হয়েছিল।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






