প্রথম আলো ট্রাস্ট
মাদকাসক্তরা সুস্থ হবে, হাল ছাড়া যাবে না
মনোরোগ বিশেষজ্ঞ ও মাদক চিকিৎসকেরা বলেছেন, অনেকে বিশ্বাস করেন মাদকাসক্তি এমন রোগ, যা কখনো ভালো হওয়ার নয়। তাঁরা হতাশ হয়ে পড়েন, হাল ছেড়ে দেন। কিন্তু মাদকাসক্তদের জন্য এখন বিজ্ঞানভিত্তিক চিকিৎসা রয়েছে। সন্তান, নিকটজন মাদকাসক্ত যে-ই হোক না কেন, তাকে উপযুক্ত চিকিৎসার আওতায় আনলে সে সমাজের মূল স্রোতে ফিরে আসবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, সঠিক পরিচর্যা ও সময় নিয়ে চিকিৎসা করলে মাদকাসক্তরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।
অনুষ্ঠানে মাদকে আক্রান্ত ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে উপস্থিত চিকিৎসকেরা পরামর্শ দেন।
অনুষ্ঠানে পরামর্শ দেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, তাজুল ইসলাম, আহমেদ হেলাল, খালেদা বেগম, সিফাত ই সাঈদ, ফারজানা রহমান, ইফতেখার সিদ্দিকী ও মাদক নিরাময় কেন্দ্র আপনের পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। সঞ্চালকের দায়িত্বে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল ও দেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান পারভেজ চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরামর্শ সহায়তা অনুষ্ঠান আগামী ২৬ মে শনিবার বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






