এসিড সহায়ক তহবিলে সাড়ে ৭ লাখ টাকা
প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে সাত লাখ ৬৫ হাজার টাকার চেক তুলে দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নুর।
ছবি: প্রথম আলো
গ্যালারি অ্যাপেক্স ও দেশ টিভির ফ্যাশন শোর পোশাক নিলামে বিক্রি করে পাওয়া সাত লাখ ৬৫ হাজার টাকা গতকাল বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে।
কলকাতার ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের পোশাক নিয়ে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর র্যাডিসন হোটেলে ফ্যাশন শো ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ অনুষ্ঠিত হয়। ওই ফ্যাশন শো আয়োজনে সহযোগী হিসেবে ছিল মেনজ ক্লাব, নিউ জড়োয়া হাউস, পারসোনা বিউটি কেয়ার লিমিটেড।
প্রথম আলোর কার্যালয়ে গতকাল প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে এই টাকার চেক তুলে দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর বলেন, ‘ভালো লাগছে এই ভেবে যে, এসিডদগ্ধ নারীদের জন্য কিছু করতে পারলাম।’
মতিউর রহমান বলেন, ২০০২ সালে সারা দেশে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে ৩৬৭টি। ২০১১ সালে এ ধরনের ঘটনা ঘটে ৮৪টি। সবার চেষ্টায় সারা দেশে এসিড-সন্ত্রাসের ঘটনা কমে এসেছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে এসিডদগ্ধ নারীদের পুনর্বাসনসহ নানা সহায়তা করা হয়ে থাকে। তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য দেশ টিভি, গ্যালারি অ্যাপেক্স, অগ্নিমিত্রা পালসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, প্রথম আলো ট্রাস্টের আজিজা আহমেদ, ফেরদৌস ফয়সাল ও প্রথম আলো ট্রাস্টের হিসাব নির্বাহী শাহজাবিন আহমেদ।







Kabir Chowdhury Tanmoy
২০১২.০৩.২৩ ২২:৫৭