এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান

বিশাল বাংলা ডেস্ক | তারিখ: ০৯-০৩-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কয়েকটি স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘জাগো মানুষ, রুখো এসিড-সন্ত্রাস’ স্লোগান সামনে রেখে এসব অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা এতে সার্বিক সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: সকাল সাড়ে আটটায় নগরের টাউন হল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল আঙিনায় এসে শেষ হয়। পরে এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি দিলনাশি মোহসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক রেজাউল আহসান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা আন্জুম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি কুমিল্লার সভাপতি পাপড়ি বসু, শাহ মো. আলমগীর খান, লোকমান হাকিম, সাইফুন্নাহার মিতা শিকদার, জে এন লিলি, রোকেয়া বেগম, মাহমুদা আক্তার, ফাহমিদা জেবিন, আয়েশা সিদ্দিকা, বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক নুরুল হক বক্তৃতা করেন।
ময়মনসিংহ: বেলা ১১টায় শহরের নতুন বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে গাঙ্গিনারপাড় মোড়ে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রাটি প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে গফরগাঁও ও হালুয়াঘাটের দুই এসিডদগ্ধ গৃহবধূ তাঁদের জীবনকাহিনি শোনান। আলোচনায় অংশ নেন জেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি এমদাদুল হক, জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা, জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটির সদস্য শংকর সাহা, বন্ধুসভার উপদেষ্টা আশফাক উদ্দিন আহমেদ, সহসভাপতি রুহুল আমীন প্রমুখ।
জামালপুর: সকালে শহরের তমালতলা মোড়ে মানববন্ধন হয়। তমালতলা মোড়ে সকাল নয়টায় অনুষ্ঠিত মানববন্ধনে বন্ধুসভার সহসভাপতি সোহেল রহমান, সাধারণ সম্পাদক দীপ সরকার প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধনে এসিড সন্ত্রাসসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নেত্রকোনা: বেলা ১১টায় নেত্রকোনা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিধান মিত্র, কোহিনূর বেগম, শ্যামলেন্দু পাল, সাইফুল্লাহ এমরান, বন্ধুসভার সদস্য এস এম বাচ্চু, দেওয়ান আরাফাত, বুলবুল আহমেদ, আনোয়ার হোসেন, সোহেল প্রমুখ। আলোচনা শেষে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন