নারী দিবসের আলোচনায় বক্তারা
যত্রতত্র এসিড ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কয়েকটি স্থানে শোভাযাত্রা, মুক্ত আলোচনার আয়োজন করা হয়। ‘জাগো মানুষ, রুখো এসিড-সন্ত্রাস’ স্লোগান সামনে রেখে এসব অনুষ্ঠানে বক্তারা যত্রতত্র এসিড ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানান। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এতে সার্বিক সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ভোলা শহর প্রদক্ষিণ করে। সকাল ১০টায় ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘এসিড-সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। যত্রতত্র এসিড ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ইচ্ছে করলেই যেন সন্ত্রাসীরা এসিড হাতের নাগালে না পায়।’
জেলা বন্ধুসভার সহসভাপতি খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, আক্কেল আলী, মোশারেফ লাবু, ফিরোজ মাহমুদ, মঞ্জুর আহমেদ, এস এম বাহাউদ্দিন, মহিউদ্দিন আহমেদ, শ্রাবণী বিশ্বাস, ভোলা বন্ধুসভার সহসভাপতি জয় দে, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ।
খুলনা: সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড মোড়ে মোশাররফ হোসেন জোয়াদ্দারের সভাপতিত্বে বক্তৃতা দেন অধ্যাপক গোপী নাথ রাহা, দেব নারায়ণ পাল, জিরুবালা বিশ্বাস, তহমিনা বেগম, আসফর হোসেন জোয়াদ্দার, রফিকুল ইসলাম, হরিদাস মণ্ডল, এস এম আলমগীর, সবিতা রাণী বিশ্বাস, মনির হোসেন, অর্ণিকা ঢালী, ওহিদুল ইসলাম, আতিয়ার রহমান, খুলনা বন্ধুসভার সজিব মহলী ও ডুমুরিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মণ্ডল।
সাতক্ষীরা: সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী দেলোয়ার হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দেলোয়ারা বেগম, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও মাধব দত্ত। কাজী রিয়াজের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা দেন অসিম কুমার চক্রবর্তী, জেলা ভূমিহীন সমিতির সভাপতি আলী নূর খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জি। সভার আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






