প্রথম আলোর আলোচনা সভায় বক্তারা
এসিড-সন্ত্রাসীদের ঘৃণার আহ্বান
কুমিল্লায় প্রথম আলোর উদ্যোগে শোভাযাত্রা বের হয়
ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কয়েকটি স্থানে শোভাযাত্রা, মুক্ত আলোচনার আয়োজন করা হয়। ‘জাগো মানুষ, রুখো এসিড সন্ত্রাস’ স্লোগান সামনে রেখে এসব অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসিড-সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করার আহ্বান জানান। প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা এতে সার্বিক সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সকাল নয়টায় শহরের শহীদ খোকন পার্কের সামনের চত্বরে এসিড-সন্ত্রাস নিয়ে মুক্ত আলোচনা হয়। এতে বক্তৃতা করেন বগুড়া আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি সাঈদ সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, আবদুস সামাদ, বন্ধুসভার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে আরও জনমত গড়ে তুলতে সব শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এই জঘন্য কাজ যারা করবে, তাদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে। এসিড-সহিংসতার শিকার শুধু নারী নন, পুরুষেরাও হচ্ছেন। শিশুরাও এর শিকার হচ্ছে। আলোচনা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাইবান্ধা: সকালে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, ছাত্রছাত্রী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। বন্ধুসভার সদস্য বিরতি রঞ্জন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সারওয়ার হোসেন, শহীদুল ইসলাম, মিজানুর রহমান, আলমগীর মিয়া, তামজিদুর রহমান, তাপস সরকার, রানা পাপুল প্রমুখ। শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, জেলা মহিলা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের দুই হাজার নারী-পুরুষ অংশ নেন।
সিরাজগঞ্জ: কালেক্টরেট ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মনসুর আলী মিলনায়তনে এসে শেষ হয়। পরে স্থানীয় বন্ধুসভার সভাপতি রামচন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হাসেম, রায়হান আলী প্রমুখ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






