আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন
এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন আজ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও এসিড সারভাইভারস ফাউন্ডেশন এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেছে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় মানববন্ধনে অংশ নেবেন এসিডদগ্ধ নারী-পুরুষ, উন্নয়ন সংস্থার কর্মী, সুধী সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
এসিড অপরাধ দমন আইনে বলা আছে, এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দুঃখজনক হলেও সত্য, প্রায় ৩২ জন এসিড-সন্ত্রাসীর ওই সর্বোচ্চ শাস্তি হলেও এখন পর্যন্ত কোনো এসিড নিক্ষেপকারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সরকারের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের প্রতিটি জেলা কমিটির প্রতি দুই মাসে একবার সভা করার কথা। এসিডদগ্ধ ব্যক্তিদের পুনর্বাসনের জন্য তহবিল থেকে পুনর্বাসন করার কথা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, জেলা কমিটির বৈঠক বা পুনর্বাসন—কোনোটাই নিয়মিত হচ্ছে না।
এসবের প্রতিবাদে আজকের মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আয়োজকেরা আশা করেন, সবাই সচেতন হলে সারা দেশে এসিড নিক্ষেপের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যাবে। একই সঙ্গে জেলা কমিটিগুলোর নিয়মিত বৈঠক ও তদারকের কাজগুলো সুষ্ঠুভাবে হবে।
আয়োজকদের পক্ষ থেকে সবাইকে এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






