এসিডদগ্ধদের আঞ্চলিক সম্মেলন
প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাইবান্ধায় এসিডদগ্ধদের আঞ্চলিক সম্মেলন উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেওয়া এসিডদগ্ধ নারীরা
প্রথম আলো
এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গতকাল রোববার গাইবান্ধায় হয়ে গেল এসিডদগ্ধদের আঞ্চলিক সম্মেলন। এতে ৪০ জন এসিডদগ্ধ নারী-পুরুষ অংশ নেন। এর মধ্যে ১৯ জনের প্রত্যেকের হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো-সহায়ক তহবিল ও এসিড সারভাইভরস ফাউন্ডেশনের (এএসএফ) যৌথ উদ্যোগে গাইবান্ধা ব্র্যাক এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা—মানুষের জন্য ফাউন্ডেশন।
সম্মেলনে আসা এসিডদগ্ধ রেহেনা বেগম বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মাইক্রো-বায়োলজিতে মেডিকেল ডিপ্লোমা পাস করি। কিন্তু সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে সন্ত্রাসীরা। আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। অথচ আইনগতভাবে কোনো সহায়তা পাচ্ছি না। আসামিদের কোনো সাজা হচ্ছে না।’
অপর এসিডদগ্ধ রাধা রানী বলেন, ‘এসিডদগ্ধ হওয়ার পর প্রথম আলো গাভি ও ঘর করে দেয়। এখন আইনি সহায়তাও দিচ্ছে। আমরা আর দশজন মেয়ের মতো বাঁচতে চাই।’
উদ্যোক্তারা বলেন, এসিডদগ্ধদের জন্য সরকারি-বেসরকারি সেবা নিশ্চিত করা এবং এসিড-সহিংসতা প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলাই এই সম্মেলনের উদ্দেশ্য। ব্র্যাক, এএসএফ ও মানুষের জন্য যৌথ উদ্যোগে ১৯ জন এসিডদগ্ধ নারী-পুরুষকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। এতে এসিডদগ্ধ নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতি ছিলেন ব্র্যাকের জেলা প্রতিনিধি অমল কুমার দাম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আকতার হোসেন, আনিস মোস্তফা, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, সাংবাদিক মশিয়ার রহমান খান, দীপক কুমার পাল, সরকার শহিদুজ্জামান, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের কর্মসূচি প্রধান রেবেকা মিলটন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ বক্তৃতা করেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






