৬৫৮ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২২-০১-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চার জেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ৬৫৮ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পঞ্চগড়, ভোলা ও রংপুরের তারাগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত বুধবার শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: বুধবার সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমাগ্রামের প্রধানপাড়া, দলুয়াপাড়া, ফকিরপাড়া, কায়েতপাড়া, বসুনিয়াপাড়া, বামনপাড়া ও ভোলাপাড়া গ্রামের ৭০ জন দরিদ্র ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় বন্ধুসভার সভাপতি শাহারিয়ার করিম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশনের (ওফা) সহায়তায় কম্বলগুলো বিতরণ করা হয়।
ভোলা: বেলা ১১টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া মানিক মিয়া আইডিয়াল কলেজ মাঠে ১৯০ জন গরিব মানুষকে কম্বল দেওয়া হয়। ভোলা বন্ধুসভার সদস্যরা এতে সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রভাষক ইব্রাহীম খলিল, ভোলা বন্ধুসভার সদস্য বাহাউদ্দিন, সোহেল প্রমুখ।
তারাগঞ্জ (রংপুর): ‘এই প্রথম একনা কম্বল পানুং। কত দিন খালি গায়ে থাকছি, শীতে কতই কষ্ট করছি। তোমার কম্বল কোনা খুব কাজে দিবে বাহে।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের নারায়ণজন জেলাপাড়া গ্রামের কল্পনা রানী (৭৫)। বুধবার সকালে উপজেলার ওই গ্রামসহ জলুবার ও ছুট মেনানগর গ্রামের ২২০ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল, সোয়েটার ও প্যান্ট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সমাজসেবক রেহেনা বেগম, ফরিদা বেগম প্রমুখ। বুয়েট ৮৭ ফাউন্ডেশনের সহায়তায় কম্বলগুলো বিতরণ করা হয়।
সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম মীরগাং, চুনকুড়ি, হরিনগর, সিংহড়তলী ও যতীন্দ্রনগর গ্রামের ১৭৮ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল, সোয়েটারসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংহড়তলী পরিবেশ বিদ্যালয় ও প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি কাসেম মোড়ল, ওই বিদ্যালয়ের শিক্ষক কল্পনা রাণী মৃধা, চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার মণ্ডল, সাংস্কৃতিক কর্মী আবদুস সামাদ, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জি, সদস্য হাফিজুর রহমান প্রমুখ। কম্বলগুলো বিতরণ করা হয় বুয়েট ৮৭ ফাউন্ডেশনের সহায়তায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন